রাজধানীর বাইরে উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ঢাকা মহানগরের অবকাঠামোর ওপর চাপ কমাতে রাজধানীর বাইরে উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি সবার জন্য উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টিরও আহ্বান জানান। রাষ্ট্রপতি গতকাল রোববার রাজধানীর গ্রিন রোডে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সিটি ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এ আহ্বান জানান। খবর বাসসেররাষ্ট্রপতি বলেন, উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান বিশেষ করে, বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং শিল্প-কারখানা রাজধানীকেন্দ্রিক হওয়ায় এর বিদ্যমান অবকাঠামোর ওপর ভয়ানক চাপ পড়ছে। তিনি বলেন, আবাসিক এলাকায় শিক্ষা ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে ওঠায় সেসব এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। ব্যাহত হচ্ছে রাজধানীর স্বাভাবিক জীবনযাত্রা। এর ফলে যানজটসহ পানি, গ্যাস, বিদ্যুৎ ইত্যাদি সমস্যার সৃষ্টি হচ্ছে, যা একটি আধুনিক ও সুন্দর নগরের জন্য কাম্য নয়।রাজধানীর বাইরে মুক্ত পরিবেশে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্প-কারখানা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে জিল্লুর রহমান বলেন, ‘আশা করি, বিদ্যোৎসাহী, শিল্পোদ্যোক্তাসহ সংশ্লিষ্ট সবাই এ বিষয়গুলো বিবেচনা করবেন।’ তিনি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠান গড়ে তোলার আগে খোলামেলা পরিবেশ, পার্কিংয়ের ব্যবস্থা ও রাস্তাঘাটের বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।রাষ্ট্রপতি বলেন, কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় গুণগত শিক্ষা প্রদানে ভূমিকা রাখলেও অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসসহ অবকাঠামোর অপ্রতুলতা রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস প্রতিষ্ঠানটির শিক্ষা ও গবেষণা কার্যক্রম সমৃদ্ধ করতে সহায়ক হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক আবদুল মতিন পাটোয়ারী ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আবু তাহের।