রাজধানীর বাইরেও বিল্ডিং কোড কার্যকর করা হবে
জাতীয় নির্মাণ বিধিমালা বা ন্যাশনাল বিল্ডিং কোড বাস্তবায়নের জন্য একটি কর্তৃপক্ষ গঠন করা হবে। ঢাকা মহানগরীর বাইরে বড় বড় ভবন নির্মাণের ক্ষেত্রেও এই কোড মেনে চলার বিধান রাখা হবে।গতকাল রোববার সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘দেশব্যাপী বিল্ডিং কোড বাস্তবায়নের উপায়’ শীর্ষক জাতীয় সেমিনারে এ কথা বলা হয়। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো এ সেমিনারের আয়োজন করে।সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মো. আবদুর রাজ্জাক বলেন, বিল্ডিং কোড বাস্তবায়নে কর্তৃপক্ষ গঠন না হওয়া পর্যন্ত মহানগরীর বাইরের ভবনের ক্ষেত্রে বিষয়টি তদারকির জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া যেতে পারে। স্থানীয় পর্যায়ে কর্মরত প্রকৌশলীরা এ কাজ দেখাশোনা করবেন।খাদ্যমন্ত্রী আরও বলেন, বিল্ডিং কোড নিয়ে অনেক আলোচনা হয়েছে। বাস্তবায়নের উপায় নিয়েও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এখন বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত ধারাবাহিক কর্মশালার সুপারিশমালার আলোকে বিল্ডিং কোড বাস্তবায়ন পরিকল্পনা করা হবে।গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় বলেন, আইন অমান্য করার সংস্কৃতি থেকে মুক্ত হতে না পারলে বিল্ডিং কোড বাস্তবায়ন করা কঠিন হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের সচিব এম আসলাম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মো. ইয়ামিন, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মো. ইসমাইল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. হোসেন আলী, স্থাপত্য ইনস্টিটিউটের সভাপতি মোবাশ্বের হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক আহসান জাকির। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির জাতীয় প্রকল্প পরিচালক মো. আবদুল কাইয়ূম।