রাজধানীর বাজারে বোরোর নতুন চাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাজারে নতুন বোরোর চাল এসেছে। দুই দিন ধরে পুরান ঢাকার বাবুবাজারের কয়েকটি দোকানে মিনিকেট চাল পাওয়া যাচ্ছে। ব্যবসায়ীরা জানান, ধান কাটার মৌসুম পুরোদমে শুরু হলে চালের দাম কমবে।বাবুবাজারের জনপ্রিয় রাইস এজেন্সির মালিক আবদুল করিম প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার তাঁর প্রতিষ্ঠানে ৫০ কেজি ওজনের ১৫৮ বস্তা মিনিকেট চাল এসেছে। গত শনিবার প্রতি মণ চাল এক হাজার ৩৫০ টাকায় (প্রতি কেজির দাম ৩৬ টাকা ১৭ পয়সা) বিক্রি হলেও গতকাল মঙ্গলবার দাম মণপ্রতি ১০ থেকে ২০ টাকা কমে এসেছে। তিনি আরও বলেন, ধান কাটার মৌসুম এখনো শুরু হয়নি। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে প্রতি মণ মিনিকেট ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত কমে আসবে।একই বাজারের মতিন রাইস এজেন্সির মালিক আবদুল মতিন জানান, গত শনিবার রাতে তাঁর প্রতিষ্ঠানে যশোরের নাভারন এলাকার জেএ এন্টারপ্রাইজ থেকে ৫০ কেজি ওজনের ৫০ বস্তা চাল এসেছে। বছরের প্রথম নতুন চাল হওয়ায় দাম একটু বাড়তি। তবে পুরো মৌসুম শুরু হলে দাম আরও কমে আসবে। বাদামতলী-বাবুবাজার চাউল আড়তদার সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন বলেন, দেশের দু-একটি স্থানে ধান কাটা শুরু হলেও অধিকাংশ এলাকায় এখনো শুরু হয়নি। মৌসুম শুরু হলে বাজারে দাম কিছুটা কমে আসবে। তিনি বলেন, সিলেট, নেত্রকোনা ও সুনামগঞ্জে পাহাড়ি ঢলে বেশ কিছু ফসল তলিয়ে গেছে। এ বছর কী পরিমাণ ধান উৎপাদিত হবে এবং দেশে ঘাটতি দেখা দেবে কি না, তা সরকারকে পর্যবেক্ষণ করতে হবে। যশোরের জেএ এন্টারপ্রাইজের মালিক জাহাঙ্গীর আলম বলেন, তাঁদের এলাকায় এখনো ধান কাটা শুরু হয়নি। গত বছরের চেয়ে এ বছর তাঁদের এলাকায় বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া যদি আরও কিছুদিন ভালো থাকে, তাহলে দেশে চালের ব্যাপক সরবরাহ থাকবে বলে তিনি জানান। কুষ্টিয়ার সবচেয়ে বড় মিল রশিদ এগ্রোফুডের মালিক আবদুর রশিদ বলেন, তিন-চার দিনের মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে নতুন চাল আসা শুরু হবে। এ বছর সারা দেশে ভালো ফলন হয়েছে। তবে সবকিছুই এখন নির্ভর করছে আবহাওয়ার ওপর। গতকাল মঙ্গলবার পুরান ঢাকার বাবুবাজারে প্রতি কেজি মিনিকেট ৩৫ টাকা ৩৬ পয়সা থেকে ৩৭ টাকা ৫১ পয়সা, নাজিরশাইল ২৮ থেকে ৪০ টাকা, লতা ৩০ টাকা ৮১ পয়সা থেকে ৩৩ টাকা ৫০ পয়সা, পারিজা ২৯ টাকা ৫০ পয়সা থেকে ৩০ টাকা ৮১ পয়সা এবং গুটিস্বর্ণা ২৬ টাকা ৮০ পয়সা থেকে ২৮ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।