রাজধানীর বিভিন্ন স্থান থেকে তিন লাশ উদ্ধার
রাজধানীর পুরান ঢাকা থেকে গতকাল সোমবার বিকেলে এক যুবকের মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে শাহ আলী থানা এলাকা থেকে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। গত রোববার রাতে এক নারীর লাশ উদ্ধার করেছে শিল্পাঞ্চল থানার পুলিশ।সূত্রাপুর থানার পুলিশ জানায়, গতকাল বিকেলে কে এম জুবলি উচ্চবিদ্যালয়ের পেছনের বৈদ্যুতিক খুঁটির গোড়ায় একটি চটের বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ বস্তাটি খুলে মাথাবিহীন এক যুবকের লাশ পায়। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আনুমানিক ২৪-২৫ বছর বয়সী ওই যুবকের শুধু দেহ পাওয়া গেছে, মাথা ছিল না। দুই দিন আগে তাঁকে হত্যা করা হয়েছে বলে তিনি সন্দেহ করেন। নিহত যুবকের পরিচয় জানা যায়নি এবং হত্যার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এদিকে গতকাল দুপুরে রাজধানীর শাহ আলী থানাধীন তুরাগ সিটি প্রিয়াংকা হাউজিংয়ের ২ নম্বর সড়কের একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে বিলকিস আক্তার (২০) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল লাশটি। বিলকিস গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা।পুলিশ জানায়, ওই ফ্ল্যাটে মফিজউল্লাহ তাঁর পরিবার নিয়ে থাকেন। ফ্ল্যাটের সদস্যরা পুলিশকে জানান, গতকাল সকালে ঘুম থেকে না ওঠায় ডাকতে গিয়ে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান তাঁরা। এক মাস আগে ওই বাসার কাজে যোগ দেন বিলকিস। তাঁর বাবার নাম বিল্লাল হোসেন। লক্ষ্মীপুর রামগঞ্জের উদর হরিরচর গ্রামে তাঁর বাড়ি।এদিকে গত রোববার মধ্যরাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন উত্তর কুনিপাড়া থেকে এক অজ্ঞাত নারীর (৩০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। দু-তিন দিন আগে স্বামী-স্ত্রী পরিচয়ে উত্তর কুনিপাড়ার বাবলির মোড়ের একটি বাসা ভাড়া নিয়েছিলেন দুজন। গত রোববার দুর্গন্ধ পেয়ে বাসার লোকজন পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশ কাউকে গ্রেপ্তারও করতে পারেনি।