ঢাকা শহরের ভূমিকম্প ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ভবন দ্রুত ভেঙে ফেলতে পূর্ত মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হবে। এ ছাড়া নির্মিত অন্যান্য ভবন ইমারত নির্মাণবিধি অনুযায়ী হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হবে। এ জন্য দৈবচয়ন ভিত্তিতে কিছু ভবন পরীক্ষা করা হবে।গতকাল বুধবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতাবিষয়ক কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাকের সভাপতিত্বে বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ভূমিকম্প বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, জরিপের সময় ভূমিকম্পের ঝুঁকির মাত্রা অনুযায়ী ভবন চিহ্নিত করা হবে। এ জন্য রিখটার স্কেলের সর্বোচ্চ মাত্রা সাত ধরা হবে। এ ছাড়া ভূমিকম্প-পরবর্তী বিভিন্ন মন্ত্রণালয়ের করণীয় নির্ধারণে একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি (সিডিএমপি) থেকে তৈরি করা ওই পরিকল্পনাটি কারিগরি কমিটি দিয়ে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত করা হবে।বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকিতে থাকা সত্ত্বেও সরকারের পর্যাপ্ত প্রস্তুতি নেই—এমন একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সরকারকে প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা এবং একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দেন। আদালতের ওই নির্দেশনার ভিত্তিতেই এ কমিটি করা হয়েছে। গতকাল এর প্রথম বৈঠক হয়।বৈঠকে মন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, ভূমিকম্প-পরবর্তী অনুসন্ধান ও উদ্ধারকাজের জন্য বেশ কিছু যন্ত্রপাতি কেনা হয়েছে। অনুসন্ধান ও উদ্ধারকাজে সহায়তার জন্য সারা দেশে ৬২ হাজার স্বেচ্ছাসেবক গড়ে তোলা হচ্ছে।বৈঠক সূত্র জানায়, বিভিন্ন বেসরকারি নির্মাণ সংস্থার কাছে অনুসন্ধান ও উদ্ধারকাজের জন্য কী ধরনের যন্ত্রপাতি আছে, তা চিহ্নিত করা হবে। বৈঠকে অন্যান্যের মধ্যে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনাসচিব মো. মোখলেছুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদসচিব মোহাম্মদ মোহসীন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবু আলম মো. শহীদ খান, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী গোলাম মর্তুজাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।