রাজধানীর রাস্তাঘাট উন্নয়নে ১৭৩ কোটি টাকার প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার রাস্তাঘাট উন্নয়নে ১৭৩ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প শিরোনামের প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রকল্পটিসহ একনেকে গতকাল মোট এক হাজার ২৯৩ কোটি টাকার আটটি প্রকল্প অনুমোদিত হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর ব্যয়ের মধ্যে ৬১২ কোটি টাকা স্থানীয় মুদ্রায় জোগান দেওয়া হবে। আর ৬০৬ কোটি টাকা প্রকল্প সাহায্য পাওয়া যাবে। বাকি ৭৫ কোটি টাকা জাপানি ঋণ মওকুফ তহবিল (জেডিসিএফ) থেকে মেটানো হবে।একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার অনুমোদিত প্রকল্পগুলো সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। এ সময় পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব ভুঁইয়া সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।ঢাকা নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ঢাকা সিটি করপোরেশন এলাকাভুক্ত ১১৭ কিলোমিটার রাস্তাঘাট উন্নয়ন, ৮৯ কিলোমিটার ড্রেন ও ২৬ কিলোমিটার ফুটপাত নির্মাণ করা হবে। এ ছাড়া ২৫৫ বর্গমিটারের একটি বক্স কালভার্ট, দুটি কমিউনিটি সেন্টার, একটি পাবলিক লাইব্রেরি ও একটি মাতৃসদন কেন্দ্র নির্মাণ করা হবে। এ ছাড়া দেশের উত্তর ও দক্ষিণের অনগ্রসর এলাকার সার্বিক কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ৫০০ কোটি টাকার আরেকটি প্রকল্প অনুমোদন করেছে একনেক। ‘ইন্টিগ্রেটেড এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি’ শিরোনামের এ প্রকল্পটি কৃষির প্রতিকূলতাসম্পন্ন ও অর্থনৈতিকভাবে অনগ্রসর অঞ্চলগুলোর সার্বিক কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বাস্তবায়ন করা হবে। এ প্রকল্প বাস্তবায়নে বিশ্বব্যাংকের কৃষি ও খাদ্য নিরাপত্তাসংক্রান্ত একটি ফান্ড থেকে ৩৭০ কোটি টাকা পাওয়া যাবে। সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো: ৪২ কোটি টাকার বিদ্যমান ১১টি পুরোনো কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের সংস্কার এবং আধুনিকায়ন (দ্বিতীয় পর্যায়), ৭৫ কোটি টাকার বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবন নির্মাণ, ৫২ কোটি টাকার এক্সপানশন অ্যান্ড ডেভেলপমেন্ট অব ঢাকা ক্যান্টনমেন্ট, ৬৯ কোটি টাকার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন (প্রথম পর্যায়), ২৯৪ কোটি টাকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানিসম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা (দ্বিতীয় সংশোধিত) এবং ৮৮ কোটি টাকার টোকিওতে বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্স নির্মাণ প্রকল্প।