রাজধানীর রাস্তায় এলোমেলো ঝুলছে তার, জট খুলছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ের প্রায় সাড়ে তিন মাস পেরিয়ে গেলেও রাজধানীর প্রধান সড়কগুলোর ওপর থেকে তার নামানোর কাজ শেষ হয়নি। প্রথমদিকে কাজের গতি দ্রুত ছিল। এখন তা স্থবির হয়ে পড়ায় তারের জট কোনোভাবেই খুলছে না। সূত্র জানায়, তার অপসারণের নির্ধারিত সময় শেষ হয়েছে ৩১ ডিসেম্বর। কয়েক দফায় সময় বাড়িয়ে ওই তারিখ নির্ধারণ করা হয়। প্রথম দিকে সরকারের চাপে এলোমেলোভাবে তাড়াহুড়া করে উত্তরা-শাহবাগ এলাকার তার নামানো সম্ভব হয়। কিন্তু সমস্যা দেখা দেয় শাহবাগ-মতিঝিল রুটের তার নামাতে গিয়ে। দেরির কারণ জানতে চাইলে ডিশ-ইন্টারনেট ব্যবসায়ীরা এনটিটিএন (ন্যাশনাল টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক) ব্যবসায়ীদের দোষারোপ করেন।এলোমেলোভাবে কেটে তারগুলো যত্রতত্র ফেলে রাখায় বিভিন্ন জায়গায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গ্রাহকেরা হয়রানির শিকার হচ্ছেন। গ্রাহকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি বিদ্যুৎ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনোয়ার হোসেনকে আহ্বায়ক করে নয় সদস্যের একটি ‘কারিগরি কমিটি’ গঠন করা হয়েছে। ইন্টারনেট সেবাদাতা সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি আখতারুজ্জামান মঞ্জু প্রথম আলোকে বলেন, ‘কাজের গতি দেখে মনে হচ্ছে ঢাকার ৪০০ কিলোমিটার প্রধান সড়কে ভূগর্ভস্থ বিতরণ লাইন তৈরি এবং ইন্টারনেট-ডিশ ব্যবসায়ীদের উপযুক্ত কারিগরি সমাধান দিতে আরও বছর খানেক লাগবে।’ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা বলছেন, তারগুলো বৈদ্যুতিক খুঁটির ওপর থেকে মাটির নিচে নামাতে তাঁদের কোনো আপত্তি নেই। তবে এনটিটিএন লাইসেন্সপ্রাপ্ত দুটি প্রতিষ্ঠান ফাইবার এট হোম ও সামিট কমিউনিকেশন্স লিমিটেডের বিরুদ্ধে সমন্বয়হীনতার অভিযোগ করেন তাঁরা। আখতারুজ্জামান বলেন, মতিঝিল এলাকায় ফাইবার এট হোম ও সামিট কমিউনিকেশন্স উভয়ের কেউই ব্যবসায়ীদের প্রয়োজনীয় করিগরি বা প্রযুক্তিগত সুবিধা দিতে পারছে না। লিংক থ্রি টেকনোলজি লিমিটেডের স্বত্বাধিকারী রাশেদ আমিন ব্যবসায়িক লাভক্ষতির বিষয়ে অভিযোগ করেন। তিনি বলেন, সরকারের নির্দেশে আইএসপিরা সবাই মাটির নিচের লাইনে নেমে যাচ্ছে। এ খাতে ব্যবসায়ীদের ভাড়া বাবদ মাসে ১০ লাখ টাকা গুনতে হবে। কিন্তু গ্রাহকদের কাছ থেকে এ টাকা ওঠানো যাবে না। ফলে পুরো ক্ষতিটাই ব্যবসায়ীদের। তিনি জানান, এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করা হয়েছে।এ প্রসঙ্গে বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ বলেন, ‘আবেদনটি যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিষয়টি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কেও জানানো হয়েছে।’সামিট কমিউনিকেশনস লিমিটেডের বিরুদ্ধে অপ্রয়োজনীয় রোড ক্রসিংয়ের অভিযোগ আছে। এ বিষয়ে এই প্রতিষ্ঠানের প্রধান কারিগরি কর্মকর্তা শাহ মিরাজ বলেন, অভিযোগটি অমূলক। তিনি জানান, পুরো অবকাঠামো তৈরি করা হয়েছে চুক্তিবদ্ধ আইএসপিসহ সব প্রতিষ্ঠানের মতামত নিয়ে। রোড ক্রসিংয়ে অতিরিক্ত ভাড়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অল্প দূরত্বে বেশি বিনিয়োগের কারণে এ ক্ষেত্রে দাম প্রায় দ্বিগুণ ধরা হয়েছে। তবে সেটাও খুব বেশি নয়। মিটারপ্রতি চার টাকা। কারণ এই রোড ক্রসিং শুধু আপৎকালীন সময়ে ব্যবহার হবে, অন্য সময় পড়ে থাকবে। ফাইবার এট হোমের ব্যবস্থাপনা পরিচালক মইনুল হক সিদ্দিকী আইএসপিদের বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে বলেন, প্রাথমিক পর্যায়ে যখন ব্যান্ডউইথ দেওয়ার কথা চলছিল, তখন পপ বা অন্যান্য প্রযুক্তিগত সমাধানের বিষয়ে কারও কারও সমস্যা হয়েছিল। কিন্তু এখন আমরা গ্রাহকের পছন্দমতো ক্যাপাসিটি বা কোর (মিটারপ্রতি ভাড়া) দিচ্ছি। এখন এ ধরনের অভিযোগ করা ঠিক নয়।’ তিনি আরও জানান, ৮০টি ডিশ-ইন্টারনেট ও টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ঢাকা, চট্টগ্রাম, যশোর ও সিলেট অঞ্চলে ফাইবার এট হোমের মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে তাদের কার্যক্রম চালাচ্ছে। রাস্তার পাশে ঝুঁকিপূর্ণভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের ঝুলন্ত তার ভূগর্ভস্থ বিতরণ লাইনব্যবস্থার আওতায় স্থাপনের বিষয়ে গত বছর মার্চে নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার।