রাজধানীর রূপনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
রাজধানীর রূপনগরের শিয়ালবাড়ি বস্তিতে শারমিন আক্তার (১৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে তাঁর স্বামী আজহারুল ইসলামকে আটক করেছে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পুলিশ আটকের আগে শারমিনের স্বামী দিনমজুর আজহারুল ইসলাম বলেন, তিনি দুপুরে বাসায় খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। উঠে দেখেন তাঁর স্ত্রী ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছেন। তাঁর ভাষ্য, দেড় বছর আগে প্রেম করে তাঁরা বিয়ে করেছেন। তাঁদের মধ্যে কোনো কথা-কাটাকাটি বা মনোমালিন্য হয়নি। কেন এমন ঘটনা ঘটল তা তিনি বুঝতে পারছেন না।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, আজহারুল বলছেন তাঁর স্ত্রী আত্মহত্যা করেছেন। শারমিনের গলায় ফাঁস ও ডান হাতে রক্ত জমার দাগ দেখা গেছে। বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় আজহারুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।