রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শোক দিবসে বিভিন্ন কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গতকাল রোববার জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এসব কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের দেশের মাটিতে ফিরিয়ে এনে বিচারের দাবি জানানো হয়। একই সঙ্গে যত দ্রুত সম্ভব যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার দাবি জানান বক্তারা । শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, শোকের প্রতীক কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও কীর্তির ওপর আলোচনা, তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা, মিলাদ মাহফিল, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গত শনিবার থেকে দেশের মাধ্যমিক ও কলেজ-পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস কর্মসূচি পালন নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েন। তবে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান শোক দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করে। বকসিবাজারে অবস্থিত মাদ্রাসা-ই-আলিয়া চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন। শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম গোলাম ফারুক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ এ কে এম ইয়াকুব হোসাইন বক্তৃতা করেন। নুরুল ইসলাম নাহিদ বলেন, জাতীয় শোক দিবসে স্কুল-কলেজের ক্লাস বন্ধ থাকলেও বিশেষ এ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যাতে নতুন প্রজন্ম জাতির সঠিক ইতিহাস জানতে পারে।জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, মসজিদ-মন্দিরে দোয়া ও প্রার্থনাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। এর বাইরে চারুকলায় শিশুদের নিয়ে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছাত্র-শিক্ষককেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সভাপতিত্ব করেন।শোক দিবস উপলক্ষে রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি। সমিতির সাধারণ সম্পাদক ইনছান আলী, স্কুলের প্রধান শিক্ষক এ কে এম মোস্তফা কামাল, মো. ফরিদউদ্দিন, গৌর চন্দ্র মণ্ডল, শিশির মল্লিক, আবুল কালাম মোস্তফা প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন। এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ, বাংলাদেশ ইউনিভার্সিটি, মোহাম্মদপুর উচ্চবালিকা বিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়, ভািকরুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া মাদ্রাসা, ফেডারেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, লুৎফা একাডেমি, শেখ ফজিলাতুন্নেসা ইসলামিক মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয় শোক দিবস উপলক্ষে কর্মসূচি পালন করে।