রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানে ঘোষিত বা অঘোষিত ছুটি
‘কাল (সোমবার) কেন স্কুলে যাব না।’ রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের একজন ছাত্র এই প্রশ্ন করল অভিভাবকের কাছে। গতকাল রোববার স্কুল থেকে বাসায় ফিরে বাবার কাছে তার এই প্রশ্ন।ওই বাবা জানান, শিক্ষক সোমবার তাকে বিদ্যালয়ে যেতে না করেছেন। কিন্তু কেন, এটা সে বুঝতে পারছে না। ছেলের আগ্রহ মেটাতে বাধ্য হয়ে তিনি বিরোধী দলের কর্মসূচি, বিদ্যালয়ে যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তাহীনতার বিষয়টি বুঝিয়ে বললেন সন্তানকে। বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের মহাসমাবেশ উপলক্ষে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আজ সোমবার ছুটি ঘোষণা করেছে। ঘোষণা না দিলেও কোনো কোনো প্রতিষ্ঠান অঘোষিতভাবে ক্লাস বন্ধ রাখবে। তবে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান এ বিষয়ে কিছুই বলেনি।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশীদ প্রথম আলোকে জানান, সরকারিভাবে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়নি। শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনা করে কোনো কোনো প্রতিষ্ঠান ছুটি দিয়ে থাকতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক রাজধানীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা ও যানবাহনের কথা চিন্তা করে এক দিন শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেওয়া হয়েছে। এই ছুটি পরবর্তী সময়ে পুষিয়ে নেওয়া হবে।রাজধানীর সেন্ট যোসেফ স্কুল ছুটি ঘোষণা করা হয়নি। তবে বার্ষিক বিজ্ঞান মেলার প্রস্তুতির কথা জানিয়ে সোম ও মঙ্গলবার ছুটি থাকবে বলে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে।নোটিশ না দিলেও রাজধানীর ওয়াইডব্লিউসিএ স্কুলের শিক্ষকেরা শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে না করেছেন। গতকাল রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের একজন শিক্ষক জানান, গতকাল মোট শিক্ষার্থীর অর্ধেকের মতো ক্লাসে এসেছে। আজ শিক্ষার্থীদের আসতে না করা হয়নি, তবে ক্লাস এমনিতেই ফাঁকা থাকবে বলে ধারণা করা যায়।বিরোধী দলগুলোর আজকের মহাসমাবেশ উপলক্ষে রাজধানীজুড়ে রয়েছে উৎকণ্ঠা। যানবাহনের সংকট তো রয়েছেই। এই প্রেক্ষাপটে অভিভাবকদের অনেকেই সন্তান নিয়ে বাইরে বের হতে চাইবেন না। সে ক্ষেত্রে রাজধানীর বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে অঘোষিত ছুটি হওয়ার সম্ভাবনা রয়েছে।