রাজধানীর সবুজবাগে গাড়ির ধাক্কায় নিহত ১
রাজধানীর সবুজবাগের মায়াকানন এলাকায় গাড়ির ধাক্কায় সেকেন সরদার (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
নিহতের ছেলে মমিন উদ্দিন প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি মায়াকানন এলাকায় থাকেন। চার দিন আগে পাবনার সুজানগর থেকে তাঁর বাবা ঢাকায় আসেন। আজ দুপুরে মালিবাগে এক বন্ধুর সঙ্গে দেখা করতে বাসা থেকে বের হন তিনি। এর কিছুক্ষণ পর দুর্ঘটনার খবর আসে।
মমিন উদ্দিন জানান, আহত অবস্থায় সেকেন সরদারকে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান পথচারীরা। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে কোন গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে, তা পথচারীরা জানাতে পারেননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল্লাহ খান জানান, ময়নাতদন্তের জন্য সেকেন সরদারের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।