রাজধানীর সড়কে যানজট

রাজধানীর বিজয় সরণিতে সিগন্যালে আটকে গাড়ির সারি।ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাস নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ শিথিল হওয়ায় রাজধানীর সড়কে আজ সকাল থেকে বেড়েছে যানবাহনের সংখ্যা। সড়কের সিগন্যালগুলোতে আটকে থাকা দীর্ঘ যানবাহনের সারি চোখে পড়েছে। অবশ্য সকালে ঢাকার পরিচিত তীব্র যানজট দেখা যায়নি।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ বৃহস্পতিবার আট দিনের জন্য কঠোর বিধিনিষেধ শিথিল করা হয়েছে। ১ জুলাই এ বিধিনিষেধ জারি করা হয়েছিল। ফলে গণপরিবহন, অফিস-আদালত বন্ধ হয়ে যায়। আজ থেকে তা আবার শুরু হলো। ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবার কঠোর বিধিনিষেধ চলবে।

লকডাউন খুলে দেওয়ার পর রাজধানী জুড়ে সৃষ্টি হয়েছে যানজট। তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা, ১৫ জুলাই।
ছবি : সাজিদ হোসেন

আজ সকাল থেকে রাজধানীর ফার্মগেট, বিজয় সরণি, কারওয়ান বাজার, সার্ক ফোয়ারার মোড়, শ্যামলী, আগারগাঁওয়ে যানজট লক্ষ করা গেছে। নগরীর ভেতরে চলা বেশির ভাগ বাসে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে বাস চলতে দেখা গেছে। কোনো কোনো বাসে অবশ্য এর চেয়ে বেশি যাত্রী ছিল। করোনাকালে স্বাস্থ্যবিধি–সংক্রান্ত অন্যতম শর্ত হলো জনসমাগলস্থলে মাস্ক পরিধান। তবে এ নিয়মের ব্যত্যয় চোখে পড়েছে অনেক জায়গায়।

রাজধানীর শ্যামলী এলাকার বাসিন্দা চাকরিজীবী মোহাম্মদ রাসেল প্রথম আলোকে বলেন, বিধিনিষেধ চলাকালে কারওয়ান বাজারের অফিসে আসতে রিকশায় ২৫ থেকে ৩০ মিনিট লাগে। আজ প্রায় ৫০ মিনিট লেগেছে।

তবে আজ অন্য দিনের চেয়ে যানবাহন অপেক্ষাকৃত কম দেখা গেছে। এ জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

গাবতলী থেকে যাত্রাবাড়ীর ৮ নম্বর বাসের চালক সাইফুল ইসলাম বললেন, অনেকেই গাড়ি বের করেনি। দু–এক দিন পর থেকে আরও গাড়ি বের হবে।

আজ সকাল থেকেই রাস্তায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল অনেক।