রাজধানীর ৪৫ শতাংশ বর্জ্যই ঠিকমতো অপসারিত হয় না
রাজধানীতে প্রতিদিন প্রায় চার হাজার ২০০ টন বর্জ্য উৎপন্ন হয়। এ বর্জ্যের ৫৫ শতাংশ অপসারণ করে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। তাতেই ডিসিসির বার্ষিক খরচ হয় পৌনে ১৭৫ কোটি টাকা। অথচ এত টাকা খরচ করার পরও ৪৫ শতাংশ বর্জ্য ঠিকমতো অপসারণ করা যায় না। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক সেমিনারে এ তথ্য জানানো হয়। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা সিটি করপোরেশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ডিসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বিপন কুমার সাহা বলেন, ঢাকায় এক কোটি ২০ লাখ স্থায়ী ও ৩০ লাখ ভ্রাম্যমাণ মানুষ প্রতিদিন চার হাজার ২০০ টন বর্জ্য উৎপন্ন করে। এর ৫৫ শতাংশ বর্জ্য অপসারণ করে ডিসিসি। অবশিষ্ট বর্জ্য রাজধানীর প্রায় এক লাখ ৭০ হাজার টোকাই নানাভাবে সংগ্রহ করে। তিনি বলেন, পরিবেশ রক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিসিসির সঙ্গে মেডিকেল কলেজ, হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারগুলোকে যুক্ত হতে হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বর্জ ব্যবস্থাপনার বিষয়ে মানুষ সচেতন না হলে কোনো আধুনিক পদ্ধতিই সফল হবে না। দেশের মূল্যবোধ ও সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ করে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে জাইকার কারিগরি সহায়তা দলের ভারপ্রাপ্ত উপদেষ্টা আকিও ইশি বক্তব্য দেন। পরে পরিবেশবান্ধব কম্পেক্টর ট্রাকের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে বর্জ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। আয়োজকেরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল, শামসুননাহার হল, নবাব ফয়জুন্নেসা চৌধুরী ছাত্রীনিবাস ও জগন্নাথ হল থেকে কম্পেক্টর ট্রাকের মাধ্যমে বর্জ্য অপসারণ করা হবে।