বাংলাদেশে রাজনৈতিক ক্ষেত্রে নারী নেতৃত্ব যথেষ্ট ভূমিকা রাখলেও রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়েনি। বাংলাদেশে উল্লেখযোগ্য হারে সামাজিক পরিবর্তনের জন্য নারী নেতৃত্বের সংখ্যাও কম। আর নারীদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটাতে হলে বিশ্বাস ও আস্থা বাড়ানোর পাশাপাশি উৎপাদনশীল সক্ষমতা সৃষ্টি করতে হবে। গতকাল মঙ্গলবার মোহাম্মদপুরের ওয়াইডব্লিউসিএ মিলনায়তনে বিদেশি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রায়ান হিগিট উপস্থাপিত গবেষণার ফলাফলে এসব তথ্য উঠে এসেছে। নাগরিক উদ্যোগ ও ভিএসও-বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে ‘দারিদ্র্য বিমোচনে কৌশল হিসেবে নারী নেতৃত্ব উন্নয়ন: বাংলাদেশ থেকে শিক্ষণীয়’ শীর্ষক গবেষণার ফলাফল তুলে ধরা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। সুলতানা কামাল বলেন, গবেষণার ফলাফলে নারী নেতৃৃত্ব ও সামাজিক পরিবর্তনের মধ্যকার সংযোগ তুলে ধরা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য অ্যারোমা দত্ত বলেন, বিশ্বজুড়ে নারীদের অধিকার আদায়ে অনেক আন্দোলন হচ্ছে, কিন্তু নারীদের সমতা আজও অর্জিত হয়নি। জাতীয় তথ্য কমিশনের সদস্য সাদেকা হালিম বলেন, গবেষণায় নারীদের তেমন কোনো অগ্রগতি পরিলক্ষিত হয়নি, কিন্তু আমাদের দেশে অনেক ক্ষেত্রে নারীরা প্রশংসনীয় ভূমিকা পালন করছেন।সেমিনারে আরও বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবা নাসরিন, ভিএসও-বাংলাদেশের আবাসিক পরিচালক শাহানা হায়াত, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন প্রমুখ।