গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক স্থানীয় সরকারের প্রধান প্রতিপক্ষ। চলমান রাজনৈতিক দর্শন স্থানীয় সরকারের প্রশ্নে চূড়ান্ত বিরোধী। রাজনৈতিক দলগুলো স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি কেন্দ্রীভূত করতে চায়। স্বাধীন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় না। সিটি করপোরেশনগুলোর গণতন্ত্রায়ণ এই প্রতিষ্ঠানগুলোকে উপযোগী করে গড়ে তোলার জন্য খুব জরুরি।কথাগুলো বলেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। গতকাল বৃহস্পতিবার সকালে ‘নগরে স্থানীয় শাসনের রাজনীতি: পরিপ্রেক্ষিত ঢাকা মহানগর’ বিষয়ে এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্নেন্স স্টাডিজ (আইজিএস) ব্র্যাক সেন্টার ইনে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।হোসেন জিল্লুর রহমান তিনটি কৌশলগত পরিষেবার কথা বলেন, যা নিশ্চিত করা খুব দরকার। পরিষেবাগুলো হলো নগরের ভূমি ব্যবস্থাপনা ও পরিকল্পনা, জনপরিবহনের মান বৃদ্ধি ও সন্ত্রাস নিয়ন্ত্রণ। তিনি বলেন, নগরে ভালো নেতৃত্ব নেই। আসলে কেউ নেতা হতে চান না, সবাই চান প্রশাসক হতে। কেবল পরিকল্পনা বাস্তবায়নকারী প্রশাসকদের দিয়ে নগরের উন্নয়ন সম্ভব নয়।গবেষক ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ বলেন, জাতীয় রাজনীতির যা চরিত্র, স্থানীয় সরকারের চরিত্র এ রকমই হবে। ঢাকা শহর জাতীয় রাজনীতির স্বৈরতান্ত্রিকতার শিকার।সংসদে নিকৃষ্ট ধনিক শ্রেণীর প্রাধান্য থাকাতেই সংসদে যথেচ্ছ অশালীন ভাষা ব্যবহার হচ্ছে—এমন মন্তব্য করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো। আলোচনায় অংশ নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরিন আক্তার বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী হয়ে গত বছর আমি মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। নির্বাচন তো হলোই না। জমা দেওয়া টাকা আজও ফিরে পাইনি। এত দিন যদি ব্যাংকে টাকাটা রাখতাম তবে টাকা বাড়তে পারত।’আলোচনায় মূল প্রবন্ধে আইজিএসের গবেষক মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং মো. হারুন-অর-রশিদ তাঁদের উপস্থাপনায় বলেন, স্থানীয় সরকারগুলোর সঙ্গে অন্যান্য সেবা ও উন্নয়ন কর্তৃপক্ষের সমন্বয়হীনতার কারণে নগরবাসী তাদের প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাঁরা আরও বলেন, মেয়র এবং দেশের সরকার ভিন্ন দলের হলে বাজেট কমিয়ে দেওয়া এবং প্রেষণে লোক নিয়োগের মাধ্যমে করপোরেশনকে দলীয়করণ করা হয়। মূল বক্তব্যে আরও বলা হয়, একটি কার্যকর জবাবদিহিমূলক নগর শাসনব্যবস্থার অনুপস্থিতিতে এক অনানুষ্ঠানিক শাসনব্যবস্থা গড়ে উঠেছে। এতে দুর্বৃত্তরা সুযোগ পাচ্ছে এবং দরিদ্র ও প্রভাবহীন সাধারণ মানুষ অসহায় হয়ে পড়ছে।বৈঠকে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক আতাউর রহমান, আইজিসের নির্বাহী পরিচালক সুলতান হাফিজ, আইনজীবী তুহিন মালিক প্রমুখ।