রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু
১৮ দলীয় জোটের শরিক দল ইসলামী ঐক্যজোটের বর্জনের মধ্য দিয়ে রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ শুরু হয়েছে। ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনও সংলাপে যোগ দেয়নি। তবে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কৃষক শ্রমিক জনতা লীগ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) পৃথকভাবে সংলাপে অংশ নিয়েছে।সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেন, বিভিন্ন শক্তির কবলে পড়ে দেশে গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্র বিকাশে রাজনৈতিক দলগুলো খুব বেশি সময় পায়নি। ভবিষ্যতে যাতে আর বাধাগ্রস্ত না হয়, সে জন্য কমিশন আগামী নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে চায়।এ সময় চার নির্বাচন কমিশনার আবু হাফিজ, আব্দুল মোবারক, জাবেদ আলী, মো. শাহ নেওয়াজসহ ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গতকাল সকাল ১০টায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সঙ্গে বৈঠকের মাধ্যমে সংলাপ শুরু হয়। দলটির পক্ষ থেকে সভাপতি সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী বলেন, নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের ব্যাপারে ইসির একক কর্তৃত্ব থাকতে হবে। দলটি জনসংখ্যাকে গুরুত্ব না দিয়ে প্রশাসনিক একককে প্রাধান্য দিয়ে সংসদীয় আসনের সীমানা বিন্যাস, কারচুপি রোধে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার এবং নির্বাচন এক দিনে না করে প্রতিটি বিভাগে ভিন্ন ভিন্ন দিনে করার সুপারিশ করে।ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জনসংখ্যার ওপর প্রাধান্য না দিয়ে ভোটার সংখ্যার ভিত্তিতে আসনের সীমানা নির্ধারণ করার প্রস্তাব দেওয়া হয়েছে।সংলাপে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী আগামী নির্বাচন এই কমিশনের অধীনে হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন। আর বাসদের পক্ষ থেকে সব দলের অংশগ্রহণের ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দেওয়া হয়।