রাজনৈতিক দুর্বৃত্তায়নে ভূমি অধিকার হারাচ্ছে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত নগরায়ণের সঙ্গে নগরে বাড়ছে ভূমি দখল। রাজনৈতিকভাবে ক্ষমতাশালীরাই এই দখলদারির নেতৃত্বে আছেন। এই দখলদারির কারণে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ। আর কিছু মানুষ গড়ছে সম্পদের পাহাড়।‘ঢাকা মহানগরের ভূমি ব্যবহারের রাজনৈতিক অর্থনীতি’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেছেন নগরবিদ, পরিকল্পনাবিদ, রাজনীতিবিদ ও গবেষকেরা। এই অবস্থা থেকে উত্তরণে তাঁরা রাজনৈতিক সদিচ্ছা ও সুশাসন নিশ্চিত করার কথা বলেছেন। গতকাল শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে অনুষ্ঠিত ওই আলোচনার আয়োজন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্নেন্স স্টাডিজ (আইজিএস)। মূল প্রবন্ধ পড়েন কাজী নূর মোহাম্মদ হোসাইনুল হক। এতে বলা হয়, ভূমির ব্যবসা এবং আবাসন বাণিজ্য দ্রুত অর্থবিত্তের মালিকদের একটি শ্রেণী তৈরি করছে। এই শ্রেণীটি রাজনৈতিক ও সামাজিক ক্ষমতা ব্যবহার করে। হোসাইনুল হক বলেন, নগরে আবাসন সংকট তীব্র হলেও নগরের ভূমি চলে যাচ্ছে সাধারণের নাগালের বাইরে। সব আবাসন প্রকল্পের সুবিধাভোগী সমাজের উচ্চবিত্ত শ্রেণী। অনুষ্ঠানের সঞ্চালক নগরবিদ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, আবাসন প্রতিষ্ঠান বা রাজউক—সবারই দৃষ্টি ওপরের দিকে। গরিব মানুষের দিকে তারা তাকায় না। তিনি বলেন, ‘ভালো ভালো পরিকল্পনা নষ্ট হয়ে যায় রাজনৈতিক ক্ষমতাধরদের জন্য।’ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, লুঠতরাজ, দখলদারি, মাস্তানি সর্বত্র। এ জন্যই এই শহর সুন্দর হয় না।আইজিএসের পরিচালক রিজওয়ান খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ডিন এ টি এম নুরুল আমিন বলেন, ভূমির দখলদারিত্বে গণমাধ্যমকেও ব্যবহার করা হয়। অনেক টাকা দিয়ে ভূমিদস্যুরা সংবাদকর্মী পোষেন। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শায়ের গফুর বলেন, ‘আমরা জাতীয় প্রবৃদ্ধির কাছে জিম্মি হয়ে আছি। পোশাকশিল্প বা আবাসনশিল্প যত অন্যায়ই করুক না কেন, তারা পার পেয়ে যায়। আলোচনায় অংশ নেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যা বিভাগের অধ্যাপক ইশরাত ইসলাম. ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ফুয়াদ হাসান মল্লিক, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোকসানা হাফিজ, নিলুফার ফরিদ, স্ট্রাকচারাল ইঞ্জনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আউয়াল, স্থপতি সাইফ-উল হক, ডিসিসির নগর পরিকল্পনাকারী সিরাজুল ইসলাম, পরিকল্পনা কমিশনের তাইবুর রহমান ও গণপূর্ত অধিদপ্তরের আজিজুল হক।