রাজনৈতিক বিবেচনায় মুক্তিযোদ্ধাদের বাদ দেওয়ার আশঙ্কা
প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা করতে জীবিত সেক্টর কমান্ডার, সাব-সেক্টর কমান্ডার, যুদ্ধকালীন বিভিন্ন গ্রুপ কমান্ডারদের যাচাই-বাছাই কমিটিতে সম্পৃক্ত করা এবং শহীদদের তালিকা করার দাবি জানিয়েছেন ‘রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা’। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এই মুক্তিযোদ্ধারা আশঙ্কা করছেন, নতুন তালিকায় রাজনৈতিক বিবেচনায় অনেক মুক্তিযোদ্ধাকে বাদ দেওয়া হতে পারে।
আজ রোববার বিকেলে পল্টনে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের’ এক সংবাদ সম্মেলনে এসব দাবি ও আশঙ্কার কথা তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান। তিনি বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা হোক—এটা সব মুক্তিযোদ্ধার প্রাণের দাবি। কিন্তু তালিকার নামে মুক্তিযোদ্ধাদের টানাহেঁচড়া করার অধিকার সরকার বা কোনো সংস্থার নেই। লিখিত বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাধীনতা পদক ফিরিয়ে দেওয়া, তাঁর কবর সরিয়ে না নেওয়ার দাবি জানানো হয়। সেই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার নেতৃত্বে আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।
এক প্রশ্নের জবাবে মুক্তিযোদ্ধা ও কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বলেন, রাজনৈতিক বিবেচনায় কোনো কোনো মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। মুক্তিযোদ্ধার সংজ্ঞার বিষয়ে তিনি বলেন, যাঁরা অস্ত্র হাতে সরাসরি যুদ্ধ করেছেন, তাঁরা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। আর অনেকে নানাভাবে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছেন, সহযোগিতা করেছেন, স্বাধীনতার জন্য কাজ করেছেন। তাঁদেরও সহযোগী হিসেবে তালিকা করে উচিত। কিন্তু রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে নয়। ইব্রাহীম বলেন, তালিকা যাচাই-বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ইউএনওদের। তাঁরা এটি আবার কোথাও এসি (ল্যান্ড) বা ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব দিয়েছেন। মুক্তিযুদ্ধের সময় তাঁদের অনেকের জন্মও হয়নি। তিনি জীবিত সেক্টর কমান্ডার, সাব-সেক্টর কমান্ডার, যুদ্ধকালীন বিভিন্ন গ্রুপ কমান্ডারদের যাচাই-বাছাইয়ের সঙ্গে যুক্ত করার দাবি জানান।
অন্যদের মধ্যে সাবেক সেনা কর্মকর্তা মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।