রাজনৈতিক সহিংসতায় এপ্রিলে নিহত ২৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের এপ্রিল মাসে রাজনৈতিক সহিংসতায় ২৪ জন নিহত ও দুই হাজার ৫২৮ জন আহত হয়েছে বলে বেসরকারি সংস্থা অধিকার এপ্রিল মাসের মানবাধিকার প্রতিবেদনে উল্লেখ করেছে। আর বাংলাদেশ মহিলা পরিষদ বলছে, এপ্রিল মাসে সারা দেশে ৪৬২ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন।অধিকারের প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিলে সারা দেশে পাঁচজন গুম হয়েছেন। নিখোঁজ হওয়ার পর পাওয়া গেছে গার্মেন্টস শ্রমিকদের সংগঠক আমিনুল ইসলামের লাশ। অধিকার ধারণা করছে, তিনি গুপ্তহত্যার শিকার। এ সময় সারা দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ১১ জন। এ নিয়ে গত চার মাসে ৪২ জনকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। রাজনৈতিক বিবেচনায় মামলা প্রত্যাহার নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে অধিকারের প্রতিবেদনে। তাতে বলা হয়েছে, এর আগে (প্রথম ধাপে) ছয় হাজার ৭৮৬টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছিল। এবার মামলা প্রত্যাহারের সুপারিশ করছে সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর নেতৃত্বাধীন ‘রাজনৈতিক কমিটি’। ‘রাজনৈতিক হয়রানিমূলক’ বিবেচনায় খুন, হত্যা, অস্ত্র আইনের মামলাসহ বিভিন্ন ধরনের ২৯৭টি মামলা প্রত্যাহারের জন্য সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়েছে কমিটি থেকে। ২০০১ থেকে ২০০৬ মেয়াদে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় ‘রাজনৈতিক হয়রানিমূলক মামলা’ হিসেবে পাঁচ হাজার ৮৮৮টি মামলা সম্পূর্ণ প্রত্যাহার এবং ৯৪৫টি মামলা থেকে কিছু আসামিকে অব্যাহতি দেওয়া হয়। এই প্রক্রিয়ায় ৭৩ হাজার ৫৪১ জন অভিযুক্ত আসামিকে খালাস দেওয়া হয়।প্রতিবেদনে বলা হয়, এ সময় সীমান্তে বিএসএফ চারজন বাংলাদেশিকে হত্যা ও ১৭ জনকে আহত করেছে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া বিএসএফ অপহরণ করে চারজনকে। প্রতিবেদনে সাতক্ষীরার কালীগঞ্জে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের নিন্দা করা হয়েছে।মহিলা পরিষদের হিসাবে বলা হয়, এপ্রিলে সারা দেশে ৫৮ জন নারীকে হত্যা করা হয়েছে এবং ৩৮ জন নারী আত্মহত্যা করেছেন। ১৯ জন নারীর হত্যার কারণ যৌতুক। ৪৬ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে ১২ জন গণধর্ষণের শিকার এবং আটজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ওই মাসে একজন গৃহকর্মীকে হত্যা করা হয়েছে এবং তিনজন আত্মহত্যা করেছেন। এ ছাড়া চারজন নারী এসিডদগ্ধ আর পাঁচজন ফতোয়ার শিকার হয়েছেন।