রাজপথ পারাপারে হাজারো মৃত্যু

রাজধানী ঢাকায় পথচারীদের যত্রতত্র রাজপথ পারাপার হওয়া যেন মৃত্যুর মুখে নিজেকে নিয়ে যাওয়া। পাঁচ বছরে শুধু রাস্তা পার হতে গিয়ে মারা গেছেন ৯৫০ জন। মৃত্যুর এই হার আরও বেশি হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত রাস্তা পারাপারে দুর্ঘটনার এই হিসাব দিয়েছে ঢাকা মহানগর ট্রাফিক বিভাগ। এ সময় মোট দুর্ঘটনা ঘটেছে এক হাজার ১০২টি। যাঁরা এ ধরনের দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেছেন, তাঁদের অনেকে পঙ্গু হয়ে গেছেন।
এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক) যুগ্ম কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, ‘শুধু ঢাকা মহানগরে ২০১৪ সালের এ পর্যন্ত রাস্তা পারাপারে দুর্ঘটনা ঘটেছে এক হাজার ১০২টি। এর মধ্যে মারা গেছেন ১৩৪ জন পথচারী। বাকি সবাই পঙ্গু হয়েছেন।’
আজ রাজধানীর প্রধান সড়ক দিয়ে যত্রতত্র পারাপার ঠেকাতে দুটি ভ্রাম্যমাণ আদালত বসানো হয়েছে। সকাল নয়টা থেকে হোটেল সোনারগাঁও মোড় ও বাংলামোটরে এই দুটি আদালত কাজ শুরু করেছেন। পরে ফার্মগেটে কাজ শুরু করেন এই আদালত। রূপসী বাংলা মোড় থেকে ফার্মগেট পুলিশ বক্স সড়কে সাত দিন এই আদালত বসবেন।
ব্যস্ত এই সড়কে এ জন্য মোতায়েন করা হয়েছে প্রায় ২০০ পুলিশ সদস্য। রাস্তার মোড়ে রাখা হয়েছে প্রিজন ভ্যান। সকাল থেকে সোনারগাঁও, বাংলামোটর মোড় কিংবা ফার্মগেট এলাকা দিয়ে রাস্তা পার হওয়ার সময় পথচারীদের পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে। ফুটওভারব্রিজ বা আন্ডারপাস ব্যবহার না করে অনেকে রাস্তার মাঝামাঝি চলে এলেও পুলিশি চোখ ফাঁকি দিতে পারেননি। আদালতের কাছে নিয়ে যাওয়ার পর ৫০ থেকে সর্বোচ্চ ২০০ টাকা হারে আর্থিক জরিমানাও গুনতে হয়েছে নিয়মভঙ্গকারীদের। তা ছাড়া ছয় মাসের কারাদণ্ডও রয়েছে।
প্রথম আলোকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম বলেন, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সোনারগাঁও মোড়ে ৮৬ জনকে আর্থিক জরিমানা করা হয়েছে। এর মধ্যে জাকির নামের একজনকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
অভিযান শুরু হওয়ার প্রথম দেড় ঘণ্টায় শাস্তির কবলে পড়েন ৩৫ জন। অবশ্য সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পথচারীদের মধ্যে সচেতনা বৃদ্ধি পাওয়ায় নিয়মভঙ্গকারীর সংখ্যা কমে গেছে বলে দাবি করেন ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নাম প্রকাশ না করে একজন ট্রাফিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ট্রাফিক বিভাগ শুধু আইন মানতে পথচারীদের সচেতন বা বাধ্য করতে পারে। কিন্তু সিটি করপোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টায় আন্ডারপাস, ফুটওভারব্রিজ কিংবা জেব্রা ক্রসিং বসানো হলে দুর্ঘটনার হার কমে আসবে।
যুগ্ম কমিশনার মোসলেহ উদ্দিন খান বলেন, সোনারগাঁও হোটেলের পাশে ফুটওভারব্রিজ নেই। তাই সেখানে জেব্রা ক্রসিং বসানো হয়েছে।
সকাল পৌনে ১০টার দিকে সোনারগাঁওয়ে রাকিব নামের এক ব্যক্তি আদালতে ৫০ টাকা জরিমানা দিয়েছেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন তিনি। জরিমানা দিলেও ট্রাফিক বিভাগের এই উদ্যোগকে ‘ভালো’ বলে মন্তব্য করেন রাকিব। তিনি বলেন, ‘আগে থেকে এ ব্যাপারে জানানো হলে জরিমানা দিতে হতো না।’
রাস্তা পারাপারের অপরাধে লাইনে দাঁড়িয়ে থাকা সাইফুল ইসলাম এই অভিযানকে ‘নির্যাতন’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘কারওয়ান বাজার মোড়ের একটি ব্যাংক থেকে টাকা তুলে রাস্তা পার হওয়ার সময় আমাকে ধরা হয়েছে। আমার বাসা তো কাঁঠালবাগানে। আন্ডারপাস দিয়ে ঘুরে যাব কেন?’
অনেক পথচারী ব্যানার টানিয়ে সচেতন করার দাবি জানান। ফার্মগেটে আমিনুর রহমান নামের এক পথচারী বলেন, ‘রাজনৈতিক দলগুলোর বড় বড় ব্যানার রাস্তার পাশে থাকতে পারে। কিন্তু এই অভিযানের এ ধরনের ব্যানার টানানো হলে ক্ষতি কী ছিল?’
নাসিমা আরা বানু নামের আরেক পথচারী বলেন, অনেকে শারীরিক সমস্যার কারণে ফুটওভারব্রিজে উঠতে পারেন না। এখানে চলমান সিঁড়ি বসানো হলে যত্রতত্র রাস্তা পারাপার অনেকটাই কমে যাবে।
‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন মনে করেন, যত্রতত্র রাস্তা পারাপারে দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা আরও বেশি হবে। এ জন্য ময়নাতদন্তের ঝামেলা, বিচার না হওয়া ও এফআইআর না করার বিষয়গুলো উল্লেখ করেন তিনি।
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘এ ধরনের অভিযান কমপক্ষে পাঁচ বছর করা হলে ভালো। এলাকাভিত্তিক কমিউনিটি পুলিশের সঙ্গে একজন পুলিশ সদস্য কিংবা কর্মকর্তা সততার সঙ্গে এই দায়িত্ব পালন করতে পারেন। সবচেয়ে বড় বিষয় হলো, কেবল চালককে দোষ না দিয়ে আমাদের সচেতন হতে হবে।’