মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে অভিযানের প্রথম দিন
রাজপথে চলছে নিবন্ধন ছাড়া গাড়ি ভাঙাচোরা হলেও ফিটনেস সনদ
বৃহস্পতিবার বেলা দুইটা। মানিক মিয়া এভিনিউতে ঢাকা মেট্রো ব-১১-২০৭৫ নম্বরের বাসটি থামালেন ভ্রাম্যমাণ আদালত। কাগজপত্র পরীক্ষা করে দেখা গেল গাড়িটির কোনো নিবন্ধন সনদ নেই। এ কারণে তার ‘বয়স’ বোঝাও অসম্ভব। চালকেরও লাইসেন্স নেই। ম্যাজিস্ট্রেট বাসটি আটক করেন। অনুমোদিত মেয়াদ পেরিয়ে যাওয়া গণপরিবহনের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে এমনই নানা অভিজ্ঞতা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের।গতকাল বৃহস্পতিবার রাজধানীর ১৬টি স্থানে যানবাহন দাঁড় করিয়ে কাগজপত্র পরীক্ষা করেন ভ্রাম্যমাণ আদালত। এ দিন ছিল অভিযানের প্রথম দিন। গতকাল আদালত চারটির বেশি পুরোনো বাস আটক করেন। এ ছাড়া গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র ও চালকের লাইসেন্স না থাকায় ২৩৬টি মামলা হয়। এসব মামলায় তাৎক্ষণিকভাবে এক লাখ ৯৪ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), ঢাকা জেলা প্রশাসন ও ঢাকা মহানগর পুলিশ যৌথভাবে রাজধানী থেকে ২০ বছরের পুরোনো বাস-মিনিবাস ও ২৫ বছরের পুরোনো মালবাহী যান তুলে দেওয়ার লক্ষ্যে এ অভিযান চালাচ্ছে।মানিক মিয়া এভিনিউ ছাড়াও ভ্রাম্যমাণ আদালত চালানো হয় নগরের শাহবাগ, টিকাটুলী, শনির আখড়া, বিজি প্রেস, মিরপুর বাঙলা কলেজের সামনে, শংকর, শেরেবাংলা নগর, বিমানবন্দর, কলাবাগান, টেকনিক্যাল মোড়, কল্যাণপুর, নটর ডেম কলেজের সামনে ও রামপুরাসহ বিভিন্ন স্থানে। বিকেল চারটা পর্যন্ত চলে আদালতের কার্যক্রম। এখন থেকে বৃহস্পতি ও শুক্রবার বাদে সপ্তাহের অন্য দিনগুলোতে আটটি স্থানে ভ্রাম্যমাণ আদালত বসবেন। আটক যানবাহন তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের একটি সংরক্ষিত স্থানে রাখা হবে। কাঁচপুর সেতুর পূর্ব পারে একটি ‘ডাম্পিং স্টেশন’ নির্মাণাধীন। ওই স্টেশন নির্মাণ শেষ হলে আটক গাড়ি সেখানে নিয়ে যাওয়া হবে।মানিক মিয়া এভিনিউ এলাকায় দুপুরের পর কয়েক ঘণ্টা অবস্থান করে দেখা গেছে, খুব কম বাস-মিনিবাস ও পিকআপ ভ্যানের প্রয়োজনীয় কাগজপত্র ছিল। অধিকাংশ বাস-মিনিবাস লক্কড়-ঝক্কড়। একজন ম্যাজিস্ট্রেট বলেন, অনেক পুরোনো যানবাহন খুব লক্কড়-ঝক্কড়। কিন্তু পরীক্ষা করে দেখা গেছে, ফিটনেস সনদ আছে। ওই ম্যাজিস্ট্রেটের ধারণা, গাড়ি না দেখেই বিআরটিএর কর্মকর্তারা এগুলোর সনদ দিয়েছেন। আরেকজন ম্যাজিস্ট্রেট জানান, ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে অনেকে পুরোনো গাড়ি রাস্তায় নামায়নি। দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর রামপুরা টিভি কেন্দ্রের সামনে একটি ভ্রাম্যমাণ আদালত বসেন। এ সময় মেয়াদোত্তীর্ণ গাড়ির সন্ধান ছাড়াও ফিটনেস, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স ও ইনস্যুরেন্স ঠিক আছে কি না, তা পরীক্ষা করা হয়। এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, রামপুরা থেকে চলাচলকারী ‘সিটিং সার্ভিস’ বাসগুলোর কাগজ পরীক্ষা করা হয়। এ রুটের ‘দিবানিশি’ পরিবহনের একটি গাড়িরও রুট পারমিট ছিল না বলে তিনি জানান। বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৪টি মামলা করা হয়। ঢাকার জেলা প্রশাসক মহিবুল হক প্রথম আলোকে বলেন, অভিযানের সময় অনেক মেয়াদোত্তীর্ণ গাড়ি রাস্তায় বের হয়নি। তাই এভাবে অভিযান চালালে তা সফল হবে না। বেশি পুরোনো গাড়ি যেখানে পাওয়া যাবে সেখান থেকেই আটক করা হবে—এ ধরনের নির্দেশ পাওয়া গেলে তাঁরা বিভিন্ন গ্যারেজে অভিযান চালাবেন।