রাজমণিকে ঘিরে 'ফিল্মপাড়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজমণি সিনেমা হলের বাইরের দৃশ্য l ছবি: হাসান রাজা
রাজমণি সিনেমা হলের বাইরের দৃশ্য l ছবি: হাসান রাজা

স্বাধীনতার আগে ঢাকাই ছবির ব্যবসা মূলত ছিল ইসলামপুর, ওয়াইজঘাট ও নবাবপুরকে ঘিরে। একসময় ছবি ব্যবসার যাবতীয় কার্যক্রম চলে আসে গুলিস্তানে। আশির দশকের আগেও ঢাকার ‘ফিল্মপাড়া’ ছিল গুলিস্তানকেন্দ্রিক। এরপর তা কাকরাইলে সরে আসে।

কাকরাইল এলাকায় রাজমণি হল প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালের ৩ মার্চ। এটির উদ্যোক্তা চলচ্চিত্রনির্মাতা আহসান উল্লাহ মণি। তিনি জানান, কামাল আহমেদ পরিচালিত লালু ভুলু ছবি প্রদর্শনের মধ্য দিয়ে চালু হয়েছিল রাজমণি। সেই সময়ে রাজমণিতে এই ছবিটি মাত্র দুই সপ্তাহ চললেও ছবির একটি গান বেশ জনপ্রিয়তা পেয়েছিল, ‘তোমরা যারা আজ আমাদের ভাবছ মানুষ কি না...।’

ছবির ব্যবসায় প্রায় ৫০ বছর ধরে যুক্ত আহসান উল্লাহ। বাবা সরাফত উল্লাহ ভূঁইয়া ছিলেন সোনারগাঁ এলাকার স্কুলশিক্ষক। একটা সময় কুমিল্লা, নরসিংদীতে একাধিক প্রেক্ষাগৃহ ছিল আহসান উল্লাহর। চলচ্চিত্র প্রযোজনা এবং পরিচালনা করেছেন। ভাবলেন এমন এক জায়গায় প্রেক্ষাগৃহ বানাবেন, যেটা হবে রাজধানীর কেন্দ্র। তখন কাকরাইল ছিল এ রকম একটি জায়গা।

স্ত্রী রাজিয়া এবং নিজের নামের অংশ যুক্ত করে ‘রাজমণি’ হলের নামকরণ করেন আহসান উল্লাহ। পরে রাজিয়া নামে আরেকটি ছোট প্রেক্ষাগৃহ চালু হয় একই ভবনে।

২৪ কাঠা জায়গার ওপর তৈরি ভবনের কয়েকটি তলায় গড়ে ওঠে বিভিন্ন চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক প্রতিষ্ঠানের কার্যালয়। ১৯৮৪ সালে রাজমণি ভবনে এ রকম ৪০টি প্রযোজনা প্রতিষ্ঠানের কার্যালয় ছিল। তখন থেকেই এলাকাটি ‘ফিল্মপাড়া’ হিসেবে পরিচিতি পেতে শুরু করে। আশপাশের ভবনগুলোতেও চলচ্চিত্রবিষয়ক নানা প্রতিষ্ঠান গড়ে ওঠে। এখন এটি ঢাকাই চলচ্চিত্রের ব্যস্ত বাজার।

সিনেমার পোস্টার দেখছেন দুই দর্শক
সিনেমার পোস্টার দেখছেন দুই দর্শক

পরবর্তী সময়ে হলের নামের সঙ্গে মিলিয়ে হোটেল রাজমণি ঈশা খাঁ এবং নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাজমণি ফিল্ম সিটি প্রতিষ্ঠা করেন আহসান উল্লাহ। সেখানে ‘রাজমণি পিরামিড’ ও ‘তাজমহল’ নামে দুটি দর্শনীয় স্থাপনাও নির্মাণ করেছেন তিনি।

রাজমণি সিনেমা হল শুধুই একটি সিনেমা হল নয়। এটা ছোটখাটো একটি চলচ্চিত্র নগরী। ভবনের ভেতরে ঢুকলে দেখা যায় গানের রেকর্ডিং স্টুডিও, চিত্র ধারণের স্থান (শুটিং স্পট), ডাবিং স্টুডিও, এডিট প্যানেল থেকে শুরু করে চলচ্চিত্র নির্মাণের নানান কারিগরি প্রতিষ্ঠান।

শুরুতে ৭০ জন কর্মী নিয়ে রাজমণি প্রেক্ষাগৃহ চালু হলেও এখন ‘রাজমণি’ ও ‘রাজিয়া’ মিলে কর্মী ৩৫ জন। সাড়ে ১১শ আসনের দুটি হলে আগে শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল। মন্দা ব্যবসার কারণে এখন যন্ত্রগুলো খুলে নেওয়া হয়েছে।

ছিমছাম পরিচ্ছন্ন হল রাজমণি। ঢোকার মুখে টিকিট কাউন্টারের আলাদা গেট। মহিলা দর্শকের জন্য আলাদা প্রবেশ এবং অপেক্ষার জায়গা। দেয়ালে সাজানো বিভিন্ন সময়ে মুক্তিপ্রাপ্ত ছবির বাঁধাই করা পোস্টার। রাজমণিতে এখন চলছে দুলাভাই জিন্দাবাদ। আর রাজিয়ায় জোর যার মুল্লুক তার। দুটোই পুরোনো ছবি। সব সময় এই দুই প্রতিষ্ঠানে বাংলা ছবিই চলেছে। শুক্রবারে নতুন ছবি কেন মুক্তি পেল না, এমন প্রশ্নের জবাবে প্রতিষ্ঠানটির পরিচালক মো. শহীদুল্লাহ বলেন, ‘আমাদের এখানে দর্শকের চাহিদা ভিন্ন। সব ধরনের ছবি এখানে চলে না। সর্বশেষ এখানে ঢাকা অ্যাটাক ছবিটি ভালো চলেছে।’

রাজমণি কমপ্লেক্সে পদ অনুযায়ী কর্মীদের আলাদা পোশাক আছে। প্রতিষ্ঠাকাল থেকে এখানে কর্মরত কফিল উদ্দীন। বর্তমানে তিনি সুপারভাইজার হিসেবে কাজ করছেন। বললেন, ‘শুরু থেকে দেখে আসছি আমাদের হলে দূরদূরান্ত থেকে দর্শক আসে। স্থানীয় দর্শক কম। এখানে মূলত বাণিজ্যিক ধারার ছবি চলে। বিকল্পধারার কিংবা স্লো ছবি এখানে জমে না।’

রাজমণি সিনেমা হলে প্রদর্শনী শুরুর অপেক্ষায় দর্শকেরা
রাজমণি সিনেমা হলে প্রদর্শনী শুরুর অপেক্ষায় দর্শকেরা

কফিল উদ্দিন জানান, এই হলে সবচেয়ে বেশি চলেছে দিলীপ বিশ্বাসের অস্বীকার ছবিটি, টানা আড়াই মাস।

ভবন ঘুরে দেখা গেছে, বিগত বছরগুলোতে তেমন কোনো সংস্কার হয়নি। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা আহসান উল্লাহ বলেন, ‘এখন ছবির ব্যবসায় ধস নেমেছে। ফিরে আসারও সম্ভাবনা নেই। ফলে এখানে আর বিনিয়োগ করার আগ্রহ পাই না।’

সিনেমা হল বাঁচাতে হলমালিকদের বেশির ভাগ ভারতীয় চলচ্চিত্র আমদানির পক্ষে অবস্থান নিলেও আহসান উল্লাহ মনে করেন, ভাষা, সংস্কৃতি ও পোশাকে মিল না থাকার কারণে এখানে অন্য দেশের ছবি বাজার পাবে না। তিনি বলেন, ‘মানুষ সেটাই দেখতে চায়, যাতে সে অভ্যস্ত। সেটাই খেতে পছন্দ করে, যা সে নিয়মিত খায়।’

আহসান উল্লাহ মনে করেন, ভালো গান ও গল্পের অভাবে এখন সিনেমার বাজার মন্দা। রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, সৈয়দ আব্দুল হাদী, এন্ড্রু কিশোরদের মতো প্লে-ব্যাক কণ্ঠ এখন আর পাওয়া যায় না। এসব কণ্ঠের জোরালো আওয়াজ ছবির গল্পকে গতি দিতে পারে। এখনকার ছবিতে গল্প কম, চিৎকার বেশি। তাই মানুষ আর হলে আসে না।

সময়ের বিচারে খুব বেশি পুরোনো না হলেও রাজমণি ও রাজিয়া এখন শহরের ঐতিহ্য হয়ে উঠেছে। যেকোনো নতুন ছবি মুক্তি পেলে সংশ্লিষ্ট শিল্পীরা একবার হলেও রাজমণিতে ঢুঁ মারেন। প্রতিষ্ঠানটির এই খ্যাতির কারণে লোকসান সত্ত্বেও সিনেমা হলটি এখনো চালু রেখেছেন বলে জানালেন এটির স্বত্বাধিকারী।

তবে আর বেশি দিন ভবনটি এ রকম থাকছে না। আহসান উল্লাহ বললেন, ‘আগামী বছর আমরা সব ভেঙে নতুন করে গড়ে তুলব রাজমণি মাল্টি কমপ্লেক্স।’

নতুন ভবনের নকশা হয়ে গেছে। আগামী বছর কাজ শুরু হবে। হয়তো রাজমণিও অতীত ইতিহাস হয়ে যাবে।