রাজারবাগে বহুতল ভবনে রাজউকের অভিযান
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গতকাল সোমবার রাজারবাগের একটি বহুতল ভবনে অভিযান চালিয়েছে। অনুমোদিত নকশার বাইরে ভবনের কিছু অংশ নির্মাণ করায় রাজউক ভবনটিকে অবৈধ তালিকাভুক্ত করেছে। রাজউক সূত্রমতে, এ ধরনের পাঁচ হাজার ভবনের তালিকা তৈরি করে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে প্রায় এক মাস ধরে। পর্যায়ক্রমে সব ভবনে অভিযান চালানো হবে। ওই তালিকার বেশির ভাগ ভবন নির্মাণের ক্ষেত্রে মূল নকশা মানা হয়নি। কিছু ভবন আছে, যেগুলোর নকশায় বেজমেন্ট বা গাড়ি রাখার স্থান থাকলেও সেখানে দোকানপাট বা অফিসকক্ষ করা হয়েছে। গতকালের অভিযান পরিচালিত হয় আউটার সার্কুলার রোডের ৫ নম্বর প্লটে নির্মাণাধীন একটি ভবনে। ভবনটির পাঁচতলা পর্যন্ত অবকাঠামো নির্মাণ শেষ হয়েছে। রাজউক সূত্রমতে, ভবনটির জন্য যে নকশা অনুমোদন করা হয়েছে, নির্মাণকালে পরীক্ষা করে দেখা যায়, তার বাইরে কিছু অননুমোদিত অংশ রয়েছে। গতকাল সকাল ১০টার দিকে রাজউকের কর্মকর্তা খালেকুজ্জামান ও ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের নেতৃত্বে অভিযান শুরু হয়। একটি বুলডোজার আনা হলেও ভেতরে ঢুকতে অসুবিধার জন্য সেটি ব্যবহার করা যায়নি। পুলিশের সহায়তায় রাজউকের নিজস্ব শ্রমিকেরা অভিযানে অংশ নেন। শ্রমিকেরা হাতুড়ির সাহায্যে ভবনের দ্বিতীয় থেকে চতুর্থতলা পর্যন্ত প্রধানত, সানশেড ও বেলকনি ভেঙে ফেলেন। বিকেল প্রায় চারটা পর্যন্ত সেখানে অভিযান চলে। খালেকুজ্জামান জানান, রাজউক বাড়িটির যে নকশা অনুমোদন করেছে তার বাইরের অননুমোদিত অংশ ভাঙা হবে। প্রয়োজনে বুলডোজারও ব্যবহার করা হবে। তিনি বলেন, এ ধরনের অননুমোদিত ভবনের বিরুদ্ধে রাজউকের অভিযান অব্যাহত থাকবে।