রাত আটটার পর খোলা রাখায় নয়টি প্রতিষ্ঠানকে জরিমানা
সরকারি আদেশ অমান্য করে নির্ধারিত সময়ের পরও দোকান খোলা রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত গত বুধবার রাতে রাজধানীর বাড্ডা এলাকার নয়টি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছেন। সরকার বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাত আটটার মধ্যে দোকানপাট বন্ধের ঘোষণা দেয়। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৮৮ ধারায় শাস্তি দেওয়ার বিধান রয়েছে। ভ্রাম্যমাণ আদালত রাত আটটার দিকে কুড়িল, বাড্ডা, নর্দ্দা ও বসুন্ধরা রোডে অভিযান চালিয়ে নয়টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২৫০ টাকা করে জরিমানা করেন। ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, জরিমানা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে থাই গ্লাস, রড, হার্ডওয়ার ও পাইকারি চালের দোকান। বুধবার রাত আটটা থেকে রাত সোয়া ১০টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সহায়তা করে, ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডেসকো) প্রতিনিধি ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল।