রাত পোহানোর আগেই ভাগাড়ে মানুষের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়লা-আবর্জনার ভাগাড়। চারদিকে উৎকট গন্ধ। খাবারের খোঁজে উড়ছে চিল আর কাক। আবর্জনাবাহী ট্রাক থামতে না-থামতেই চারপাশে জমে যাচ্ছে মানুষের ভিড়। তাদের উপেক্ষা করে এগিয়ে আসতে চাইছে কুকুর।বহু নারী, পুরুষ ও শিশু বর্জ্যের মধ্যে ভাঙাচোরা জিনিস খুঁজছে। আবার ব্যবহার করা যাবে এমন জিনিস বিক্রি করাই এসব মানুষের পেশা।রাজধানীর যাত্রাবাড়ী-ডেমরা সড়কের পাশে মৃধাবাড়ী এলাকার মাতুয়াইলের বর্জ্য ফেলার স্থানে (ওয়েস্ট ডাম্পিং স্টেশন) প্রতিদিনের চিত্র এমনই। দিন-রাত প্রায় ২০০ গাড়ি ঢাকা শহরের বর্জ্য এনে এখানে ফেলে। রাত পোহানোর আগেই সেখানে ভিড় জমায় অভাবী মানুষ।মাতুয়াইল ডাম্পিং স্টেশন ঘুরে দেখা গেছে, বর্জ্য সংগ্রহের জন্য ছোটাছুটি করছে নারী-পুরুষ ও শিশুরা। তাদের অনেকের মাথায় কাপড় পেঁচানো, পায়ে শক্ত জুতা, হাতে লাঠি কিংবা দা। তারা উচ্ছিষ্ট খাবার, কাগজ, কাপড়, ভাঙা কাচ, কাঠ, জুতা-স্যান্ডেল, সিরিঞ্জ, রক্ত ও স্যালাইনের ব্যাগ, প্রক্রিয়াজাত তরল দুধের পলিথিন, প্লাস্টিক বোতল, এক্স-রে প্লেটসহ বিভিন্ন জিনিস সংগ্রহ করে। এগুলো বেচাকেনার জন্য ডাম্পিং স্টেশনের পাশে গড়ে উঠেছে বর্জ্যপণ্যের বাজার। টোকাইদের কাছ থেকে এগুলো সংগ্রহ করে হকাররা বিক্রি করে দোকানে। আরেক দল ব্যবসায়ী এগুলো দোকান থেকে সংশ্লিষ্ট কারখানায় পাঠায়।কথা হয় বর্জ্য সংগ্রহকারী পিয়ারা বেগমের সঙ্গে। তিনি জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করেন। দিনে ১০০-২০০ টাকা বিক্রি হয়। লোহা বা টিনের টুকরা, সাদা প্লাস্টিক, পলিথিন, গরু-মহিষের শিং ও হাড়ের দাম তুলনামূলক বেশি।বর্জ্য সংগ্রহকারীরা জানায়, আবর্জনার ভেতর ধারালো বস্তুতে হাতে ও পায়ে জখম হয়। আমাশয়, ডায়রিয়া, চর্মরোগসহ বিভিন্ন রোগে ভোগে তারা।গবেষণা প্রতিষ্ঠান ‘রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ’-এর এক গবেষণায় দেখা গেছে, ঢাকা শহরের বর্জ্য থেকে টোকাইরা প্রতিদিন গড়ে ৮০০ টন বিভিন্ন ফেলনা জিনিস সংগ্রহ করে। এর বার্ষিক মূল্য দাঁড়ায় প্রায় চার হাজার কোটি টাকা।ঢাকা সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বিপন কুমার সাহা প্রথম আলোকে বলেন, অর্থনৈতিক দিকটি বিবেচনা করে বর্জ্যের পুনর্ব্যবহারের (রিসাইকেলিং) উদ্যোগ নেওয়া হয়েছে। মাতুয়াইল ডাম্পিং স্টেশনে মিথেন গ্যাস তৈরির কথা ভাবছে কর্তৃপক্ষ।