ঢাকার কমলাপুর রেলস্টেশনে ট্রেনের অগ্রিম টিকিট পেতে গতকাল বৃহস্পতিবার রাতেই স্টেশনে চলে আসেন খিলগাঁওয়ের বাসিন্দা রাশেদুল ইসলাম। রাত ১১টায় অগ্রিম টিকিটপ্রত্যাশীদের সারিতে দাঁড়ান তিনি। তাঁর সামনে অপেক্ষমাণ শতাধিক মানুষ।
অগ্রিম টিকিট পেতে সারা রাত ওভাবে অপেক্ষা করতে থাকেন তাঁরা। আজ শুক্রবার সকাল আটটায় অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। তবে সারা রাত অপেক্ষার পরও ৫ জুলাই লালমনিরহাটে যাওয়ার টিকিট পাননি রাশেদুল।
প্রথম আলোকে রাশেদুল বলেন, ‘গতকাল রাত ১১টায় এসেছিলাম। তখন আমার সামনে শতাধিক লোক ছিলেন। সকাল ১০টার দিকে যখন টিকিট শেষ হয়ে যায়, তখন আমার সামনে তিনজন লোক ছিলেন।’
আফসোস করে রাশেদুল ইসলাম বলেন, ‘এত কষ্ট করেও অল্পের জন্য টিকিট পেলাম না।’ খিলগাঁও চৌরাস্তা এলাকায় থাকেন রাশেদুল। ব্যাংকে চাকরি হয়েছে। খুব শিগগির সেখানে যোগ দেবেন তিনি।
আগামীকাল শনিবার যেন টিকিট পান, সে জন্য সিরিয়াল দিয়ে যাবেন উল্লেখ করেন রাশেদুল ইসলাম বলেন, ‘আমরা যারা টিকিট পাইনি, তারা নিজেদের মধ্যে সিরিয়াল করছি। তাদের মধ্যে একজন থেকে যাব। আমি বিকেলে এসে আবার লাইনে দাঁড়াব।’
আজ থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ ৫ জুলাইয়ের টিকিট বিক্রি করা হয়। আগামীকাল ২ জুলাই বিক্রি হবে ৬ জুলাইয়ের টিকিট, ৩ জুলাই বিক্রি হবে ৭ জুলাইয়ের। ৪ জুলাই বিক্রি হবে ৮ জুলাইয়ের এবং ৫ জুলাই বিক্রি হবে ৯ জুলাইয়ের টিকিট।
ট্রেনের টিকিটপ্রত্যাশীদের ভিড় সামাল দিতে সাতটি স্টেশন থেকে ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। ভোগান্তি কমানোর জন্য এবার টিকিট বিক্রির দুটি স্টেশন বাড়ানো হয়েছে।
কমলাপুর রেলওয়ের মূল স্টেশন থেকে পুরো উত্তরাঞ্চলগামী আন্তনগর ও বীমুসিই (পঞ্চগড়) ঈদ স্পেশাল ট্রেনের, কমলাপুরের শহরতলি প্ল্যাটফর্ম থেকে রাজশাহী ও খুলনাগামী সব আন্তনগর ট্রেনের, ঢাকা বিমানবন্দরে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তনগর ট্রেনের, তেজগাঁওতে ময়মনসিংহ, জামালপুর, দেওয়ানগঞ্জগামী সব আন্তনগর ট্রেন ও দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ট্রেনের, ঢাকা ক্যান্টনমেন্টে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেস ট্রেনের, ফুলবাড়িয়ায় (পুরাতন রেলস্টেশন) সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তনগর ট্রেনের এবং জয়দেবপুরে বীমুসিই (পঞ্চগড়) ঈদ স্পেশাল ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে।