রাতভর অপেক্ষা কমলাপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিনে গতকাল সোমবার কমলাপুর রেলওয়ে স্টেশনের কাউন্টারগুলোর সামনে ছিল টিকিট-প্রত্যাশীদের দীর্ঘ সারি। যাত্রীদের জন্য বিশেষ ট্রেনের টিকিট বিক্রি গতকাল থেকে দেওয়া শুরু হয়েছে।অগ্রিম টিকিট পেতে রাতভর অপেক্ষা করেছেন অনেকেই। ঈদ ও পূজার ছুটি একসঙ্গে হওয়ায় গত দুই দিনের চেয়ে গতকালের টিকিটের চাহিদা বেশি ছিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।গতকাল ২৪ অক্টোবরের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। আজ বিক্রি হবে ২৫ অক্টোবরের টিকিট। কমলাপুর স্টেশনের ১৬টি কাউন্টার থেকে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। সৈয়দপুর যাওয়ার টিকিট কাটতে আসা গালিব মেহেদি জানান, টিকিটের জন্য তিনি চার বন্ধুকে নিয়ে গতকাল রাত ১১টার দিকে ৮ নম্বর কাউন্টারে লাইন ধরেন। ততক্ষণে তাঁর সামনে শতাধিক মানুষ দাঁড়িয়ে গেছে। সকাল সাড়ে আটটার দিকে টিকিট হাতে পান তিনি। ভোর পাঁচটায় লাইনে দাঁড়িয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে জান্নাতুল নাইম সকাল সাড়ে ১০টায় রাজশাহীগামী ট্রেনের টিকিট পান। হাসিমুখে জানান, টিকিট পেয়ে অনেক ভালো লাগছে। গতকাল সকাল সাড়ে নয়টায় রেলের মহাপরিচালক আবু তাহের টিকিট কাউন্টারগুলো পরিদর্শনে আসেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘ভাড়া বাড়ানোর সঙ্গে সঙ্গে ট্রেনের সেবার মানও বাড়ানোর চেষ্টা চলছে। কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার খায়রুল বশীর প্রথম আলোকে জানান, ঢাকা-পার্বতীপুর, ঢাকা-খুলনা ও ঢাকা-দেওয়ানগঞ্জ—এ তিনটি রেলপথে বিশেষ ট্রেন চলবে।