রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকার বাসিন্দারা বিয়েসহ যেকোনো সামাজিক অনুষ্ঠান উপলক্ষে গভীর রাতে পটকা, আতশবাজি ও গান-বাজনা বন্ধের দাবি জানিয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে সংঘটিত আতশবাজি ফোটানোর ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেছেন তাঁরা। ধানমন্ডি আবাসিক এলাকা কল্যাণ সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার বলা হয়, ধানমন্ডি এলাকার আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ ও কমিউনিটি পুলিশের সদস্যরা কাজ করে যাচ্ছেন। কিন্তু কখনো কখনো প্রভাবশালী মহলের আশীর্বাদপুষ্ট ব্যক্তিরা আইনের শাসন মানতে চান না। বিশেষ করে নতুন প্রজন্মের তরুণেরা পটকা ও আতশবাজির মতো নিষিদ্ধ কাজে জড়িয়ে পড়ছেন। সমিতির পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে বসবাসের স্বার্থে তরুণদের অপরাধমূলক কার্যকলাপে উৎসাহিত না করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়। কল্যাণ সমিতির চেয়ারম্যান সরকার ফিরোজের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিকে ধানমন্ডির ১০/এ নম্বর সড়কের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠানে ছাদে একের পর এক আতশবাজির বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ওই এলাকার বাসিন্দারা পুলিশের সহযোগিতা চান। এরপর ধানমন্ডি থানা পুলিশের সঙ্গে কিছু ব্যক্তির যেসব ঘটনা ঘটেছে, তা দুঃখজনক। সমিতির সদস্য রিবাই নন্দিতা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।ধানমন্ডি থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, আতশবাজি ও পটকা ফোটাতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন হলেও ধানমন্ডির ওই বাড়ির লোকজন তা নেননি। এরপর পুলিশ দায়িত্ব পালন করতে গেলে কর্তব্যকাজে বাধা দেওয়া হয়েছে।