রাধাগোবিন্দ ট্রাস্টের সম্পত্তি অবমুক্ত করেছেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার শতবর্ষী রাধাগোবিন্দ পাল ট্রাস্টের সম্পত্তি অবমুক্ত করে দিয়েছেন আপিল আদালত। গতকাল সোমবার ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান এ রায় ঘোষণা করেন।
১৯৮০ সালে ট্রাস্টের সম্পত্তি সরকারের নামে রেকর্ড হয়। এ নিয়ে রেকর্ড সংশোধনের মামলা করা হলে আদালত তা খারিজ করে দেন। এই সম্পত্তি নিয়ে যুগ্ম জেলা জজ আদালতে মামলা করা হলে ২০০৩ সালে সালিসি আদালত তা খারিজ করে দেন। পরে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে ২০০৩ সালে ওই আদেশের বিরুদ্ধে দুটি আপিল দায়ের করা হয়।
আদালত সাক্ষীর জবানবন্দি ও দালিলিক কাগজপত্র পর্যালোচনা করে আগের আদালতের রায় বাতিলের আদেশ দেন। একই সঙ্গে ১৯২০ সালের জগমোহন পালের উইল অনুযায়ী রাধাগোবিন্দ পাল ট্রাস্টেও সমুদয় সম্পত্তি অবমুক্ত করে দেন। এর ফলে ১৯৮০ সালে সরকারের নামে খাস খতিয়ানমুক্ত হলো সম্পত্তি।
মামলার নথিতে দেখা যায়, জগমোহন পাল ট্রাস্টের সম্পত্তির সিএস রেকর্ডের মালিক ছিলেন জগমোহন পাল, মদন মোহন পাল, প্রিয়নাথ পাল, প্রেম বল্লাব গোস্বামী, দীনবন্ধু নাথ দে, কৃষ্ণচন্দ্র পাল প্রমুখ।
১৯২০ সালে ২৭ ফেব্রুয়ারি স্থানীয় জমিদার জগমোহন পাল জনকল্যাণে রাধাগোবিন্দ পাল চ্যারিটেবল ট্রাস্ট গঠন করে সম্পত্তি উইল করে দেন। চ্যারিটেবল ট্রাস্টের একাংশে ১৯৪৩ সালে চিকিৎসক দীনেশ রঞ্জন রায় প্রতিষ্ঠা করেন রাধাগোবিন্দ ডিসপেনসারি।
স্বাধীনতার পর এই সম্পত্তি সরকারের খাস খতিয়ানভুক্ত করা হয়। ট্রাস্টের পক্ষে মামলা পরিচালনা করেন ফকির আবদুল মান্নান ও সরকারের পক্ষে ছিলেন জিপি ফকির দেলোয়ার হোসেন।