রানা প্লাজা ও তাজরীনে গণ-অভিযোগ দেওয়ার প্রক্রিয়া অনুসরণীয়
রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের অভিযোগ ব্যবস্থাপনার নির্বাহী কমিশনার মুজতবা কাজাজি গতকাল সোমবার বলেছেন, রানা প্লাজা ধস ও তাজরীন অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের গণ–অভিযোগ দেওয়ার প্রক্রিয়াটি সারা বিশ্বে অনুসরণীয় উদাহরণ তৈরি করেছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আরবিট্রেশন কক্ষে বাংলাদেশ লিগ্যাল এইড ও সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) উদ্যোগে ‘রানা প্লাজা ভবন ধস ও তাজরীন অগ্নিকাণ্ডের অভিযোগ গ্রহণ কর্মসূচি: গণ–অভিযোগ দায়েরের নতুন দ্বার উন্মোচন’ শীর্ষক সেমিনারে তিনি এ বক্তব্য দেন।
মুজতবা কাজাজি বলেন, রানা প্লাজা ও তাজরীন অগ্নিকাণ্ডের গণ–অভিযোগ ব্যবস্থাপনায় যথাযথ তালিকা তৈরির গুরুত্ব কতটা তা বোঝা গেছে। এর ফলে প্রতিবন্ধিতার ধরন ও এ–সংক্রান্ত ক্ষতির পরিমাণ চিহ্নিত করা সম্ভব হয়েছে।
রানা প্লাজা ধস ও তাজরীন পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের স্বচ্ছ ও সুসংগতভাবে সাহায্য পৌঁছানোর জন্য বিশ্বব্যাপী ও সম্মিলিত প্রচেষ্টার ভিত্তিতে ঢাকায় ‘রানা প্লাজা অভিযোগ গ্রহণ কর্মসূচি’ এবং ‘তাজরীন অগ্নিকাণ্ড অভিযোগ গ্রহণ কর্মসূচি’ নামে দুটি কর্মসূচি নেওয়া হয়। এই কর্মসূচি দুটিতে অভিযোগ ব্যবস্থাপনার নির্বাহী কমিশনার হিসেবে মুজতবা কাজ করছেন।
সেমিনারে সভাপতিত্ব করেন আইনবিদ ড. কামাল হোসেন। তিনি বলেন, রানা প্লাজা ও তাজরীন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতিকার দেওয়ার জন্য যে পদ্ধতি নেওয়া হয়েছে, তা একটি ইতিবাচক নির্দেশনা। তিনি সুপারিশ করেন, লঞ্চডুবি বা সড়ক দুর্ঘটনায় যাঁরা ক্ষতিগ্রস্ত হন, তাঁদের গণ–অভিযোগ দেওয়ার ক্ষেত্রেও এ অভিজ্ঞতা কাজে লাগানো সম্ভব।
সেমিনারে রানা প্লাজা ধসে এবং তাজরীন অগ্নিকাণ্ডে নিহত, আহত এবং নিখোঁজ শ্রমিকদের অভিযোগ বিবেচনা ও নিষ্পত্তির বিষয়ে বক্তারা তাঁদের অভিজ্ঞতা বিনিময় করেন। পাশাপাশি আইএলও কনভেনশন-১২১-এর বিভিন্ন দিক নিয়ে সেমিনারে আলোচনা করা হয়। সেমিনারে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইদ্রিসুর রহমান, প্রফেসর হেদার গোল্ডস্মিথ, ড. উত্তম কুমার দাস (আইএলও) প্রমুখ।