রানা প্লাজার দুর্ঘটনায় শোক, সাধারণ মানুষকে অভিনন্দন
সাভারে ‘রানা প্লাজা’ ধসে পড়ার কারণে অসংখ্য মানুষের প্রাণহানির ঘটনায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ক্ষোভ জানানো হয়েছে। ওই ভয়াবহ দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছে সংগঠনগুলো। একই সঙ্গে দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ এবং আহতদের দ্রুত সুচিকিৎসা দেওয়ারও দাবি জানানো হয়েছে।ওই ঘটনার পর সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন। উল্লেখ্য, ওই ঘটনার পর থেকে রক্ত সংগ্রহ, উদ্ধার অভিযানে অংশ নেওয়া, আহত শ্রমিকদের হাসপাতালে পাঠানোসহ বিভিন্ন কর্মকাণ্ডে সাধারণ মানুষ ব্যাপকভাবে অংশ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের ৫০০ শিক্ষক রানা প্লাজা ধসে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি চেয়ে বিবৃতি দিয়েছেন। শিক্ষকেরা এ ঘটনাকে ‘হত্যাযজ্ঞ’ হিসেবে উল্লেখ করে বলেন, মাঝেমধ্যে পোশাকশিল্পে এ রকম বড় দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত হন সাধারণ শ্রমিকেরা। এতে মালিকপক্ষের উদাসীনতা রয়েছে। এই অপকর্মের সঙ্গে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তাঁরা। নীল দলের আহ্বায়ক অধ্যাপক এস এম ইমামুল হকের সই করা বিবৃতিতে এ কথা বলা হয়।যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এক বিবৃতিতে বলেন, ‘সাভারের ঘটনার পর সালাম জানাই সাধারণ মানুষকে, যাঁরা প্রধানমন্ত্রীর আহ্বানে ছুটে গিয়ে যা কিছু আছে তা-ই নিয়ে দুর্গত মানুষকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েছেন।’ তিনি আরও বলেন, এটাই বাংলাদেশের শক্তি। এই শক্তির কারণেই ভাষা আন্দোলন, বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ, স্বৈরাচারের পতন এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, ঢাকা বিস্তারিত অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) আওতাভুক্ত সাভার এলাকায় যেকোনো ভবন নির্মাণ করতে হলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমতি নেওয়া এবং ইমারত নির্মাণ বিধিমালা মেনে নির্মাণকাজ করার বিধান রয়েছে। এ ক্ষেত্রে রাজউকের যথাযথ তদারক না করা এবং দায়িত্বে অবহেলার কারণে সাভার এলাকায় বেশির ভাগ ভবন নিয়ম না মেনে নির্মাণ করা হচ্ছে।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান সাভার দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। এ ছাড়া আরও শোক জানিয়েছে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন, মহানগর সর্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জিয়া পরিষদ, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, বাংলাদেশ মসজিদ মিশন ও বাংলাদেশ নির্মাণ শ্রমিক লীগ।