রামচন্দ্রপুর খাল নতুন করে দখলের পাঁয়তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটানা পাঁচ দিন অভিযান চালিয়ে অবৈধ দখলমুক্ত করা রামচন্দ্রপুর খাল নতুন করে দখলের পাঁয়তারা চলছে। এর অংশ হিসেবে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা জায়গাগুলোতে অস্থায়ী দোকানপাট ও টংঘর গড়ে তোলা হচ্ছে।গতকাল রোববার নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের পরিদর্শনের আগে ও পরে খালটির উভয় পাড়ে কিছু লোকের এই তৎপরতা দেখা গেছে। যাঁরা আগে স্থাপনা গড়েছিলেন, তাঁরা মন্ত্রীর পরিদর্শনের খবর শুনে তড়িঘড়ি সেগুলো সরিয়ে নেন। পরে আবার তা যথাস্থানে স্থাপন করেন তাঁরা।খাল পরিদর্শন শেষে গতকাল দুপুরে ঢাকা ওয়াসার সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় নৌপরিবহনমন্ত্রী বলেন, আইনের যথাযথ প্রয়োগ ও নিয়মিত তদারকি থাকলে দখলমুক্ত খালগুলো আবারও বেদখল হবে না। এ ক্ষেত্রে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেন, মহানগরে বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতা রোধ করা ঢাকা ওয়াসার অন্যতম প্রধান কাজ। সে ক্ষেত্রে খাল দখলমুক্ত করার কোনো বিকল্প নেই। তাই খালগুলো অবৈধ দখলমুক্ত করাসহ পরবর্তী যাবতীয় পদক্ষেপ ও উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।খাল পরিদর্শন: গতকাল বেলা ১১টার দিকে মন্ত্রী প্রথমে রামচন্দ্রপুর খাল ও পরে কল্যাণপুর ‘ঘ’ খাল পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। মন্ত্রী উভয় খালের পাড়ের বেশ কিছু জায়গা হেঁটে দেখেন। ব্যবস্থাপনা পরিচালক মন্ত্রীকে উচ্ছেদ অভিযানের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।উভয় খালের ক্ষেত্রেই দেখা গেছে, আশপাশের বেশ কয়েকটি দালান ভাঙা অবস্থায় পড়ে থাকলেও তা এখনো সরানো হয়নি। বিভিন্ন বর্জ্য থাকায় খালের পানি আটকে আছে। খালের সঙ্গে বিভিন্ন বাড়ির পয়োবর্জ্যের লাইন সংযুক্ত থাকায় এবং বর্জ্য খালে পড়ে পানি নষ্ট হয়ে যাওয়ায় দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। উচ্ছেদের পর দুর্গন্ধ আরও বেড়েছে।স্থানীয় লোকজন বলেন, উচ্ছেদের পর কিছু দোকানদার আশপাশে আবারও অস্থায়ী দোকান খুলে বসেছেন। মন্ত্রী আসবেন শুনে তাঁরা তল্পিতল্পা গুছিয়ে স্থান পরিষ্কার করে রাখেন। তা ছাড়া যে বৈধ দোকানগুলো রয়েছে, সেখানকার বর্জ্যও ফেলা হচ্ছে খালের মধ্যে। কিছু ভাঙা বাড়িতে ঝুঁকি নিয়ে বসবাস করছে অনেকে।রামচন্দ্রপুর খাল পরিদর্শন শেষে মন্ত্রী চলে যাওয়ার পর নবোদয় হাউজিংয়ের দিকে গিয়ে দেখা যায়, খালের পাশে বেশ কয়েকটি টং দোকান। সাংবাদিকদের দেখে মন্ত্রী আসছেন ভেবে তল্পিতল্পা গোছাতে ব্যস্ত হয়ে পড়েন দোকানদারেরা।