রামচন্দ্রপুর খালে আরও ১০টি স্থাপনা উচ্ছেদ
রাজধানীর রামচন্দ্রপুর খালে ঢাকা ওয়াসার পঞ্চম দিনের অভিযানে গতকাল বুধবার বহুতল ভবনসহ ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই স্থাপনাগুলো ছিল মোহাম্মদী হাউজিং লিমিটেড এলাকার।খালের মধ্যে নির্মিত হওয়ায় একটি মসজিদের অংশবিশেষ এবং খ্রিষ্টান কবরস্থানের একটি দেয়ালও অপসারণ করা হয়। সরকারি দলের প্রভাবশালী একজন নেতার নাম ব্যবহার করে বা রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করে কিছু দখলদার খাল দখল করেছেন—এমন একটি অভিযোগ রয়েছে রামচন্দ্রপুর খাল এলাকার অনেক বাসিন্দার। তবে তাঁরা সুনির্দিষ্ট করে এ ধরনের দখলের উদাহরণ দিতে পারেননি। ঢাকা ওয়াসার কর্মকর্তারাও এ বিষয়ে যথাযথ কোনো প্রমাণ পাননি বলে জানান। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেন, খালের জায়গা দখল করে যাঁরাই স্থাপনা নির্মাণ করেছেন, সবই উচ্ছেদের আওতায় আসছে। কোনো প্রভাবশালী ব্যক্তির স্থাপনা বাদ গেলে তখন অভিযোগ তোলা যাবে। গতকাল বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পরিচালিত অভিযানে যে স্থাপনাগুলোর সম্পূর্ণ বা অংশবিশেষ উচ্ছেদ করা হয় তার মধ্যে একটি চারতলা, একটি দোতলা এবং বাকিগুলো ছিল একতলা। অবৈধ স্থাপনা থেকে দ্রুত মালামাল সরিয়ে নিতে গতকালও এলাকায় মাইকিং করা হয়। খালের মধ্যে নির্মিত চারতলা যে বাড়িটির অংশবিশেষ ভাঙা হয়, তার মালিক মোস্তাফিজুর রহমান একটি বেসরকারি টেক্সটাইল কোম্পানিতে চাকরি করেন বলে জানা গেছে। ওই বাড়ির অবৈধ অংশ ভেঙে দেওয়ার আগে বাড়ির লোকেরা আপত্তি জানালেও অভিযানকারী দল তা আমলে নেয়নি। মোহাম্মদী হাউজিং লিমিটেড এলাকার ৩ নম্বর রোডে খালের জায়গা দখল করে নির্মিত হয়েছে একটি একতলা স্থাপনা। ওয়াসা জানায়, বাড়িটির মালিক সেতু বিভাগের প্রকৌশলী মো. ওয়াহিদ। স্থাপনাটি ভাঙার আগে ওই প্রকৌশলী মুঠোফোনে অভিযানকারী দলের সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল করেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযানে ঢাকা ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী ওয়াসিউদ্দিন, ম্যাজিস্ট্রেট মো. নাসিরউদ্দিন ও অন্য কর্মকর্তারা অংশ নেন। এ সময় দুই প্লাটুন পুলিশ উপস্থিত ছিল। বুলডোজার ছাড়াও ওয়াসার শ্রমিকেরা অবৈধ স্থাপনা ভাঙার কাজে শাবল ব্যবহার করেন। অভিযান পরিচালনার সঙ্গে যুক্ত ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী শেখ মো. রুহুল আমিন গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘পাঁচ দিনের অভিযানে প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্যের রামচন্দ্রপুর খালের জায়গায় স্থাপিত বেশির ভাগ স্থাপনাই ভাঙা সম্ভব হয়েছে। আজ বৃহস্পতিবারও অভিযান চলবে।’