রামপালে তাপবিদ্যুৎ প্রকল্প পরিকল্পনা বাতিলের দাবি
সুন্দরবনসংলগ্ন রামপাল উপজেলায় কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র প্রকল্প পরিকল্পনা বাতিল বা নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে কয়েকটি পরিবেশবাদী সংগঠন।গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট, কৃষিজমি রক্ষা কমিটি ও সেভ দ্য সুন্দরবনের যৌথ মানববন্ধন কর্মসূচিতে সংগঠনগুলোর নেতারা এ দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, প্রস্তাবিত এক হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের প্রাক-নির্মাণ, নির্মাণ ও পরিচালনার সব পর্যায়ে সুন্দরবন ও এর আশপাশের অঞ্চলে ব্যাপক বায়ুদূষণ ঘটবে। এ ছাড়া এ কেন্দ্র থেকে নির্গত গরম পানি, উত্তপ্ত তরল কয়লা ও অন্যান্য বর্জ্যের ফলে সুন্দরবনের জলাশয় ও মাটি ব্যাপকভাবে দূষিত হতে পারে।বক্তারা আরও বলেন, প্রস্তাবিত রামপাল প্রকল্পের জন্য দখল করা সাত হাজার বিঘা ছাড়াও আশপাশের বিশাল এলাকার কৃষিজমি দূষিত হবে। স্থানীয় কৃষিজীবীরা এটি নিয়ে উদ্বিগ্ন। সুন্দরবন বাঁচাতে প্রাকৃতিক প্রক্রিয়ায় সুন্দরী ও স্থানীয় গাছের বনায়ন করারও দাবি জানান বক্তারা। বিজ্ঞপ্তি।