রামপুরায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাজধানীর রামপুরায় ছুরিকাঘাত করার পর এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবার বলছে, পুলিশকে তথ্য দিয়ে লিমন নামের এক যুবককে ধরিয়ে দিতে সহায়তা করায় তাঁকে ছুরিকাঘাত করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রামপুরার বউবাজারে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আলমগীর হোসেন (৩০)। পুলিশ বলছে, পরিবারের অভিযোগ, গতকাল শুক্রবার সন্ধ্যায় রামপুরার বউবাজারে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাত করে আলমগীরের দুই পায়ের রগ কেটে আহত করে লিমন (৩০) নামের এক যুবক। পরে আলমগীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আলমগীরের চাচাতো ভাই মোহাম্মদ হাসান বলেন, আলমগীর পেশায় একজন রাজমিস্ত্রি। তিনি বউবাজার এলাকায় থাকেন। গতকাল সন্ধ্যায় তিনি একটি দোকানে চা খাচ্ছিলেন। এ সময় পেছন থেকে লিমন দুই পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান। কিছুদিন আগে আলমগীর পুলিশকে তথ্য দিয়ে লিমনকে ধরিয়ে দেন। জেল থেকে বের হয়ে লিমন এ ঘটনা ঘটিয়েছেন। কী কারণে তাঁকে পুলিশ ধরেছিল সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, আলমগীরের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।