রামপুরায় বোমা ফাটিয়ে ছিনতাইয়ের চেষ্টা, আটক ৪
রাজধানীর রামপুরায় গত বৃহস্পতিবার রাতে ছিনতাই করতে ব্যর্থ হয়ে বোমা ফাটিয়ে পালিয়ে যাওয়ার সময় চার ছিনতাইকারীকে আটক করেছে জনতা। এদের কাছ থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। ছিনতাইকারীদের বিস্ফোরিত বোমায় মিনু আক্তার নামের এক গৃহবধূ আহত হন। তাঁকে মুগদা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আটক হওয়া যুবকেরা হলেন লিটন, মনির, সায়েম ও মামুন।
রামপুরা থানার পুলিশ জানায়, রাতে রামপুরার বালুর মাঠ এলাকায় এক ব্যক্তিকে অস্ত্র ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল ছিনতাইকারীরা। ওই সময় পুলিশ ধাওয়া করলে তারা পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছুড়ে ও গুলিবর্ষণ করে। এতে মিনু নামে এক গৃহবধু আহত হন। পরে জনতা চার ছিনতাইকারীকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে দেয়। গণপিটুনির শিকার মনির ও লিটনকে পুলিশ ঢাকা মেডিকল কলেজ হাসপাতালে ভর্তি করায়।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আটক চারজন পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে
অস্ত্র ও ছিনতাইয়ের চেষ্টার মামলা করা হচ্ছে।