রামপুরায় মিনিবাসের ধাক্কায় যুবক নিহত
রাজধানীর রামপুরা থানা এলাকায় গতকাল শনিবার সকালে মিনিবাসের ধাক্কায় আবদুল লতিফ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে রামপুরা থানার মালিবাগ সুপার মার্কেটের পশ্চিমে সড়ক পার হচ্ছিলেন লতিফ। এ সময় সায়েদাবাদগামী তুরাগ পরিবহনের একটি যাত্রীবাহী মিনিবাস তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। লতিফের আত্মীয় আবুল কাশেম সাংবাদিকদের বলেন, লতিফ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএ কোর্সে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি পরিবারের সঙ্গে রামপুরার হাজীপাড়া এলাকায় থাকতেন। রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম খান বলেন, ঘটনার পর চালক পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করা হয়েছে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।