রামপুরায় যুবক খুন সন্দেহে স্ত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরায় বুধবার রাতে খোকন (৩০) নামে এক রিকশাচালক ছুরিকাঘাতে খুন হয়েছেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ খোকনের স্ত্রী শিল্পী বেগমকে গ্রেপ্তার করেছে। সূত্র জানায়, বুধবার রাত ১১টার দিকে রিকশাচালক খোকন পশ্চিম রামপুরায় মক্কি মসজিদের গলিতে তাঁর শ্বশুরের বাসায় যাচ্ছিলেন। পথে কয়েকজন দুর্বৃত্ত তাঁর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে খোকন ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। খোকনের বাবা আবুল হোসেন জানান, স্ত্রী শিল্পী বেগমকে নিয়ে খোকন রামপুরা টেলিভিশন ভবনের পেছনে থাকত। পারিবারিক কলহের জের ধরে কিছু দিন আগে খোকনকে তাঁর স্ত্রী তালাক দিয়ে পশ্চিম রামপুরায় বাবার বাসায় ভাড়া ওঠে। তিনি সন্দেহ করেন, প্রতিশোধ নিতেই শিল্পী তাঁর ভাই রাজিব ও রাজিবের বন্ধু মানিককে দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।রামপুরা থানার ওসি সাইদুর রহমান জানান, ছিনতাইয়ে বাধা দেওয়ায় খোকন তাঁর স্ত্রীকে মারধর করত। এতে ক্ষিপ্ত হয়ে শিল্পীর ভাই রাজিব ও তাঁর বন্ধুকে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে। ওসি জানান, খোকন পেশাদার ছিনতাইকারী। ছিনতাইয়ের অভিযোগে পুলিশ এর আগেও তাঁকে একাধিকবার গ্রেপ্তার করেছে। ঝুলন্ত লাশ উদ্ধার: বুধবার রাতে পুলিশ ফার্মগেটসংলগ্ন মণিপুরিপাড়ার ভাড়া বাসার দরজা ভেঙে এম এ লিটন গোমেজ (৩২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। লাশটি সিলিংফ্যানের সঙ্গে গলায় জানালার পর্দা পেঁচানো অবস্থায় ছিল।তেজগাঁও থানার উপপরিদর্শক (এস আই) শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, লিটন গোমেজ মণিপুরিপাড়ায় একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন। ওই কক্ষে থাকতেন ইমন নামে আরেক যুবক। বুধবার লিটন গোমেজ তাঁর কর্মস্থলে যাননি। রাতে ফিরে দেখেন কক্ষের ভেতর থেকে সিটকিনি লাগানো। ডাকাডাকি করেও লিটন গোমেজের কোনো শব্দ পাননি। পরে জানালা দিয়ে সিলিংফ্যানের সঙ্গে লিটনকে ঝুলতে দেখেন। এই ঘটনা তিনি বাড়িওয়ালাকে জানান। পরে পুলিশ এসে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে। লিটনের বাবার নাম উইলসন গমেজ। গ্রামের বাড়ি পটুয়াখালীর মাটিভাঙায়।