রামপুরায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ যুবক গুলিবিদ্ধ
রাজধানীর রামপুরায় গত মঙ্গলবার রাতে র্যাবের গুলিতে সিরাজুল ইসলাম (৩০) নামের এক যুবক আহত হয়েছেন। র্যাব জানিয়েছে, গুলিবিদ্ধ সিরাজুল ছিনতাইকারী চক্রের সদস্য। তিনি ও তাঁর অন্য সঙ্গীদের গ্রেপ্তার করতে গেলে র্যাবের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়। আহত সিরাজুলকে গ্রেপ্তার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।র্যাব-৩ জানায়, তাদের কাছে খবর আসে, রামপুরার মহানগর প্রকল্প এলাকায় সংঘবদ্ধ সন্ত্রাসীরা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে তাদের একটি দল সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। শুরু হয় বন্দুকযুদ্ধ। একপর্যায়ে সিরাজুল বাঁ পায়ে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। বাকিরা পালিয়ে যায়। র্যাব ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সিরাজুলকে গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করে। তাঁর কাছ থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।র্যাব-৩-এর মেজর রেদওয়ান জানান, মঙ্গলবার বিকেলে রামপুরার উলন রোডে ছিনতাইকারীর গুলিতে কলেজছাত্র রেজাউল করিম আহত হওয়ার পর র্যাব ছিনতাইকারীদের গ্রেপ্তারে তৎপর হয়ে ওঠে। তিনি জানান, গ্রেপ্তার হওয়া সিরাজুলের বিরুদ্ধে মাদক ব্যবসা ও ছিনতাইয়ের অভিযোগে রামপুরা থানায় একাধিক মামলা হয়েছে।