রামুর ঘটনা ষড়যন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, কক্সবাজারের রামুর বৌদ্ধ বসতি ও মন্দিরে হামলার ঘটনা বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র।মিজানুর রহমান গতকাল রোববার তাঁর কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন। এদিন খাদ্যের অধিকার এবং এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আন্তর্জাতিক সাহায্য সংস্থা অক্সফামের সঙ্গে সমঝোতা স্মারকে সই করে জাতীয় মানবাধিকার কমিশন।মিজানুর রহমান রামুর হামলায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেন। তবে বিচারের নামে কোনো নিরপরাধ ব্যক্তিকে যেন হয়রানি করা না হয়, সে ব্যাপারে তিনি সরকারকে সতর্ক করে দেন। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘সেখানে যে ঘটনা ঘটেছে, তা দুঃখজনক। তাই এটি নিয়ে রাজনীতি নয়, সবাইকে এক মঞ্চে দাঁড়িয়ে এ ঘটনার প্রতিবাদ করতে হবে। এ ঘটনা নিয়ে নোংরা রাজনীতি করার অবকাশ নেই। মিজানুর রহমান বলেন, ‘রামুতে আমরা ওই এলাকার সবার সঙ্গে কথা বলেছি। স্থানীয় প্রশাসন, ধর্মীয় গুরু—সবার মতামত নিয়েছি। আমরা ঘটনা বিশ্লেষণ করে করণীয় নিয়ে সরকারকে সুপারিশ করব। আমার মনে হয়েছে, এটি পূর্বপরিকল্পিত ঘটনা। আগে থেকে প্রস্তুত করা একটি নীলনকশা। শুধু বৌদ্ধ জনগোষ্ঠী নয়, এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র।’ গত শুক্রবার রামুর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় হামলার ব্যাপারে পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবি জানান তিনি। হামলার ঘটনায় নিয়ে গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতারও তিনি সমালোচনা করেন।