জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান আশা প্রকাশ করে বলেছেন, শুক্রবারের জামায়াত-শিবিরের তাণ্ডব দেখে সরকার সংবিৎ ফিরে পাবে। সরকার বুঝবে যে, ধর্মনিরপেক্ষতার কথা বললে সেই সমাজ, রাষ্ট্রে ধর্মভিত্তিক রাজনীতিকে চলতে দেওয়া যায় না।রাজধানীর জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে গতকাল শনিবার ‘খাদ্য অধিকারবিষয়ক জাতীয় সম্মেলন: নীতি সংস্কারে একটি সমন্বিত উদ্যোগের অনুসন্ধান’ শীর্ষক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান এ কথা বলেন। খাদ্য অধিকার ও সামাজিক নিরাপত্তা আন্দোলন এ সম্মেলনের আয়োজন করে।অনুষ্ঠানে বক্তব্য শেষে গণমাধ্যমের কর্মীদের প্রশ্নের জবাবে মিলনায়তনের বাইরে মিজানুর রহমান বলেন, সংবিধানের সাংবিধানিক অধিকারের সুযোগ নিয়ে জামায়াত-শিবির অগণতান্ত্রিক কাজ করবে, তা হতে পারে না। জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে, শহীদ মিনার ভেঙে ফেলে এরা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে রাষ্ট্রদ্রোহের কাজ করেছে। রাষ্ট্র আর চুপচাপ বসে থাকতে পারে না। রাষ্ট্রকে আইনের মাধ্যমে এ ধরনের দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।মিজানুর রহমান আরও বলেন, জামায়াতে ইসলামী ১৯৭১ সালেও ধর্মের দোহাই দিয়ে রাজনৈতিক ফায়দা লুটেছে। ধর্মের দোহাই দিয়ে ধর্ষণ, লুণ্ঠন করেছে। ১৯৭১ সালে দলটি যে ভুল করেছিল, সে ধরনের উপলব্ধি তাদের মধ্যে আসেনি। তারা তাণ্ডব চালিয়েই যাচ্ছে। রাষ্ট্রকে বিষয়টি দৃঢ়ভাবে মোকাবিলা করতে হবে। সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলকেও এদের তাণ্ডবের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক কাজী শাহাবউদ্দিন। সম্মেলনের উদ্দেশ্য ব্যাখ্যা করে স্বাগত বক্তব্য দেন খাদ্য অধিকার ও সামাজিক নিরাপত্তা আন্দোলনের সদস্যসচিব জাকির হোসেন।সম্মেলনের বিষয়বস্তু সম্পর্কে মিজানুর রহমান বলেন, খাদ্য উৎপাদনের ঘাটতির সঙ্গে মানুষের খাদ্য অধিকার নিশ্চিত করার কোনো সম্পর্ক নেই। এটা মূলত নির্ভর করে খাদ্যের সুষ্ঠু বণ্টনব্যবস্থার ওপর। জনগণের মধ্যে খাদ্যের সুষ্ঠু বণ্টনের দায় রাষ্ট্রের।অনুষ্ঠানে ক্ষুধা ও দারিদ্র্য নিরসনে ব্রাজিলের অভিজ্ঞতা তুলে ধরে ফুড ফার্স্ট ইনফরমেশন অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্কের (ফিয়ান) আন্তর্জাতিক মহাসচিব ফ্লাভিও ভ্যালেন্ট বলেন, খাদ্য অধিকারের নীতিমালা প্রণয়ন ও সেটির সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে ব্রাজিল সফলভাবে ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্য হ্রাস করছে। ব্রাজিলের এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে সামাজিক আন্দোলন।দিনব্যাপী এই সম্মেলনের বিভিন্ন অধিবেশনে ‘খাদ্য অধিকার অর্জন এবং আইনগত বাধ্যবাধকতা’, ‘প্রস্তাবিত জাতীয় সামাজিক নিরাপত্তাবেষ্টনী নীতি’, ‘টেকসই জীবিকার সন্ধানে: বাংলাদেশের কিছু সাফল্যের উদাহরণ’, ‘খাদ্যের সংগ্রাম ও অধিকার: ক্ষুধার একটি নৈতিক ও রাজনৈতিক অর্থনৈতিক জবাবদিহিতা’ শীর্ষক বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করা হয়।