রাষ্ট্রীয় পর্যায়ে নারীর অবস্থানে আশানুরূপ পরিবর্তন হয়নি
উন্নয়নের ধারাবাহিকতায় দেশে আর্থ-সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীর অংশগ্রহণ ক্রমশ বেড়েছে। কিন্তু পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে নারীর অবস্থানের মাত্রায় আশানুরূপ পরিবর্তন হয়নি।নারীর ক্ষমতায়ন নিয়ে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে এ কথা বলা হয়েছে। ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিডিআই) ব্র্যাক সেন্টার মিলনায়তনে ‘পাথওয়েজ অব উইমেন এম্পাওয়ারমেন্ট’ শীর্ষক তিন দিনব্যাপী ওই সম্মেলনের আয়োজন করেছে। গতকাল মঙ্গলবার সম্মেলনের উদ্বোধন করা হয়। উপরিউক্ত বিষয়ে এটি দক্ষিণ এশীয় অঞ্চলের সমাপনী সম্মেলন। আগামীকাল বৃহস্পতিবার সম্মেলন শেষ হবে। যুক্তরাজ্যের আন্তর্জাতিক সহায়তাবিষয়ক সংস্থার (ডিএফআইডি) অর্থায়নে একটি আন্তর্জাতিক গবেষণা কার্যক্রম হিসেবে বাংলাদেশ, ঘানা, মিসর ও আফগানিস্তানে ২০০৬ সালে পাথওয়েজের যাত্রা শুরু হয়েছিল।সম্মেলনে গতকাল মূল প্রবন্ধ পাঠ করেন যুক্তরাজ্যের সোয়াস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নায়লা কবির। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিডিআইয়ের পরিচালক সৈয়দ এম হাশেমী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য গোলাম সামদানী ফকির, বিডিআইয়ের পাথওয়েজ প্রোগ্রামের দক্ষিণ এশীয় সমন্বয়ক মাহীন সুলতান প্রমুখ বক্তব্য দেন।আয়োজকেরা জানান, তিন দিনব্যাপী এই সম্মেলনের বাকি দুই দিন দেশি-বিদেশি গবেষকেরা বিভিন্ন গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।