আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় আলোচকেরা বলেছেন, কৃষিতে নারীর অবদানের কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। দেশে কৃষকের পরিসংখ্যান থাকলেও কিষানির বিষয়ে কোনো তথ্য নেই।গতকাল সিরডাপ মিলনায়তনে ‘খাদ্য চ্যাম্পিয়ন: খাদ্য নিরাপত্তা রক্ষায় নারীর ভূমিকা উদ্যাপন’ শীর্ষক সম্মাননা সভায় আলোচকেরা এ কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর গ্লোবাল চেঞ্জ (সিজিসি) ও গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএস-আরএল) এই সভার আয়োজন করে।অনুষ্ঠানে নয়জন কিষানিকে সম্মাননা দেওয়া হয়। বিকল্প খাবার তৈরিতে সিলেটের এলু রানী নাথ, শেরপুরের ফিলোমেনা ম্রং, গোপালগঞ্জের কল্পনা চিন্তাপত্র ও বাগেরহাটের শাহিনা আজিজকে সম্মাননা দেওয়া হয়। আর কৃষিকাজে অবদান রাখার জন্য ঝিনাইদহ জেলার সুমিত্রা রানী, ফরিদপুরের রেহানা বেগম, বরিশালের পারুল বেগম এবং কুষ্টিয়া জেলার আম্বিয়া খাতুন ও লিলি খাতুন সম্মাননা পান। আয়োজকদের পক্ষ থেকে তাঁদের প্রত্যেকের হাতে একটি করে সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।সভার প্রধান অতিথি নারী ও শিশু মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকী বলেন, তিনি কিষানিদের ‘কৃষক কার্ড’ আলাদা করে দেওয়ার জন্য সুপারিশ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন বলেন, কিষানিদের সঠিক তথ্য না থাকা দুঃখজনক।পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে নারীনেত্রী শিরিন আখতার, শরমিন্দ নীলোর্মি প্রমুখ বক্তব্য দেন।