আগুন নেভানোর কোনো ব্যবস্থা না রেখে ঝুঁকিপূর্ণ দাহ্য রাসায়নিক পদার্থ গুদামজাত করার অপরাধে পুরান ঢাকার হোসেনি দালানের গাফফার কেমিক্যালের মালিককে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই আদালত লাইসেন্স ছাড়া দাহ্য রাসায়নিক গুদামজাত করার দায়ে অপর এক মালিকের গুদাম সিলগালা করে দিয়েছেন। গতকাল রোববার ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই শাস্তি দেন। ফায়ার সার্ভিসের সদস্য ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে ঝুঁকিপূর্ণ রাসায়নিক অপসারণে অভিযান শুরু করেছেন। দুপুরের পর পুরান ঢাকার হোসেনি দালানের নাহার ও গাফফার কেমিক্যালের গুদামে অভিযান চালান আদালত। আদালত নাহার কেমিক্যালে গিয়ে দেখেন, গুদামের রাসায়নিক সরিয়ে ফেলা হয়েছে। আদালত গুদামের কর্মকর্তা-কর্মচারীদের কাছে রাসায়নিকের খবর জানতে চান। গুদামের মালিক এস এম সায়েম আদালতকে বলেন, দাহ্য রাসায়নিক অপসারণের জন্য নোটিশ দেওয়া হয়েছিল। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সব রাসায়নিক তাঁরা সরিয়ে ফেলেছেন এরপর আদালত গাফফার কেমিক্যালের গুদামে যান। আদালত যাওয়ার আগেই গুদামে তালা মেরে চলে যান ব্যবস্থাপক। তখন আদালতের নির্দেশে ফায়ার সার্ভিসের সদস্যরা তালা ভেঙে গুদামের ভেতরে গিয়ে বস্তাভর্তি দাহ্য রাসায়নিক দ্রব্য চিহ্নিত করেন। গুদামে আগুন নেভানোর ব্যবস্থা তাঁদের চোখে পড়েনি। এ সময় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জহুরুল আমিন আদালতকে বলেন, অগ্নিনির্বাপণ আইন, ২০০৩ অনুযায়ী দাহ্য রাসায়নিক গুদামজাত করার লাইসেন্স পেতে হলে প্রতিষ্ঠানে অবশ্যই আগুন নেভানোর ব্যবস্থা থাকতে হবে। কিন্তু এই গুদামে সেই ব্যবস্থা নেই। এ সময় গুদামের একজন ব্যবস্থাপক মোহাম্মদ শহিদুল্লাহ আদালতকে বলেন, তাঁরা আগুন নেভানোর যন্ত্রগুলো সারাই করতে দিয়েছেন। কিন্তু তিনি অন্য কোনো ব্যবস্থা দেখাতে পারেননি। এরপর ম্যাজিস্ট্রেট গাফফার কেমিক্যালকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে মোহাম্মদ শহিদুল্লাহকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। তবে ১০ মিনিটের মধ্যেই মালিক আবদুল গাফফার দুই লাখ টাকা পরিশোধ করে শহিদুল্লাহকে ছাড়িয়ে নেন। এরপর আদালত গাফফার কেমিক্যালের আরেকটি গুদামে গিয়ে দেখেন, সেখানেও আগুন নেভানোর ব্যবস্থা নেই। আদালত পৃথক মামলায় এই গুদামের জন্য এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এর ব্যবস্থাপক মোহাম্মদ নাসিরুল ইসলাম খানকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। অবশ্য আবদুল গাফফার এক লাখ টাকা পরিশোধ করে তাঁকেও ছাড়িয়ে নেন। নিমতলীতে এই অভিযান চলাকালে আশপাশের বাসিন্দারা আদালতকে রাসায়নিক গুদামের তথ্য জানাতে থাকেন। আদালত নিমতলীর উল্টো দিকে নজরুল অ্যান্ড ব্রাদার্স নামের রাসায়নিক গুদামে যান। লাইসেন্স না থাকায় আদালত গুদামটি সিলগালা করে দেন। গতকাল সকালে অভিযানের শুরুতে আদালত এলিফ্যান্ট রোডের ৩৬৮, ৩৪৭ ও ৩৪৯ নম্বর আবাসিক ভবনগুলোর রাসায়নিক গুদামে যান। ফায়ার সার্ভিসের সদস্যরা দেখেন, রাসায়নিক পদার্থ আগেই সরিয়ে ফেলা হয়েছে।