রাসায়নিক গুদাম সরাতে এবার দুটি নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আবাসিক এলাকা থেকে অবৈধ রাসায়নিক গুদাম ও কারখানা অপসারণ করতে পারেনি সরকার। গত ৩ জুন নিমতলীর অগ্নিকাণ্ডের ঘটনার পর সরকার এসব গুদাম ও কারখানা সরানোর জন্য কয়েকবার সময় ঠিক করে। কিন্তু জায়গা ঠিক করতে না পারায় সরকার এসব সরাতে পারছে না। গত বছর রাসায়নিক কারখানা ও গুদাম অপসারণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি টাস্কফোর্স গঠিত হয়। টাস্কফোর্স গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে ১৯টি সুপারিশসহ একটি প্রতিবেদন জমা দিয়েছে। সুপারিশ বাস্তবায়নে নতুন দুটি কমিটি করেছে সরকার।স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম আলোকে বলেন, শিগগিরই রাজধানীর আবাসিক এলাকা থেকে দাহ্য পদার্থের রাসায়নিক গুদাম সরিয়ে নেওয়া হবে। প্রাথমিকভাবে বুড়িগঙ্গার ওপারে কামরাঙ্গীরচর কিংবা কেরানীগঞ্জে জায়গা খোঁজা হচ্ছে। প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।টাস্কফোর্সের সুপারিশ: প্রতিবেদনের দীর্ঘমেয়াদি সুপারিশে পুরান ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকা থেকে রাসায়নিক গুদাম ও কারখানা দ্রুত সরানোর জন্য সরকারিভাবে উপযুক্ত স্থান বা আলাদা পল্লি নির্ধারণ করতে বলা হয়েছে। লাইসেন্সবিহীন রাসায়নিক কারখানা চিহ্নিত করতে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রাখার কথাও এতে বলা হয়েছে।লাইসেন্স ও নবায়নের শর্ত আরও কড়া করা হয়েছে। কারখানায় সার্টিফিকেটধারী দক্ষ কেমিস্ট নিয়োগ দিতে সুপারিশ করা হয়েছে। কারখানার সামনে আবাসিক ভবন বা বহুতল ভবন নির্মাণের অনুমতি না দিতে বলা হয়েছে। বিদ্যালয়, মসজিদ, কমিউনিটি সেন্টার ইত্যাদি জনসমাগমস্থলের ১০ মিটারের মধ্যে গুদাম বা কারখানা স্থাপন করা যাবে না। উচ্চ চাপবিশিষ্ট বৈদ্যুতিক তার বা খুঁটি থাকলে ওই স্থানের ১০ মিটারের মধ্যে কারখানার অনুমোদন না দিতে বলেছে টাস্কফোর্স। কারখানার ব্যবস্থাপনা ও অন্যান্য কাজ অনুমোদনের নীতিমালা আছে কি না, তা চিহ্নিত করতে কারিগরি জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের নিয়ে সমন্বয় কমিটি গঠন করার সুপারিশও করা হয়েছে। রাসায়নিক কারখানা ও গুদাম স্থাপনবিষয়ক সংশ্লিষ্ট আইন সংশোধন করার সুপারিশও করেছে টাস্কফোর্স। স্বল্পমেয়াদি সুপারিশে ফায়ার সার্ভিসের অনাপত্তি সনদ বাধ্যতামূলক, কারখানার তাপ বের করার পাখার ব্যবস্থা, একই কারখানায় বিভিন্ন ধরনের রাসায়নিক না রাখার কথা বলা হয়েছে। গুদাম তৈরি করতে বিসিকের এবং বড় কারখানা তৈরি করতে শিল্প মন্ত্রণালয়ের অনুমতির কথাও বলা হয়েছে। নতুন কমিটি: সুপারিশ বাস্তবায়নের জন্য গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুটি কমিটি গঠন করে। বিসিক চেয়ারম্যানকে জায়গা নির্ধারণের জন্য গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে। এ কমিটির সদস্য হচ্ছেন এফবিসিসিআই, ডিসিসিআই, ডেপুটি কমিশনার, ডিসি, পুলিশ সুপার, পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরক পরিদপ্তর, কেমিক্যাল সমিতি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি। কারিগরি দিক পর্যালোচনার জন্য গঠিত অন্য কমিটির আহ্বায়ক শিল্প মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব। এফবিসিসিআই, ডিসিসিআই, ডিএমপি, ডিসি, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এসিড মার্চেন্ট পারফিউম সমিতি এবং বুয়েটের প্রতিনিধি এই কমিটির সদস্য।