রাসায়নিক থেকে আগুনে দগ্ধ নুর আলমও নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালবাগের বেড়িবাঁধ এলাকায় লেগুনায় যাত্রীর সঙ্গে থাকা রাসায়নিকের বোতল ভেঙে আগুন ধরে দগ্ধ নুর আলমও (২৮) মারা গেছেন। তিনি পুলিশের পাহারায় চিকিৎসাধীন ছিলেন। এর আগে ওই ঘটনায় দগ্ধ লেগুনার যাত্রী গত রোববার রাতে মারা যান।
লালবাগ থানা–পুলিশ জানায়, গত বুধবার লালবাগের বেড়িবাঁধ এলাকায় নেইলপলিশ তৈরির জন্য পুরান ঢাকার সোয়ারীঘাট থেকে কাচের বয়ামে এক কেজি রাসায়নিক নিয়ে লেগুনায় করে লালবাগ সেকশন বেড়িবাঁধ এলাকায় যাচ্ছিলেন নুর আলম। পথিমধ্যে রাসায়নিক ভরা বয়ামটি ফেটে গেলে আগুন ধরে যায়। এ সময় তিনি ও তাঁর পাশে বসে থাকা যাত্রী নূরজাহান বেগম দগ্ধ হন। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর আগে হাসপাতালে নুর আলম একই কথা জানিয়েছিলেন। তিনি গতকাল মঙ্গলবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নুর আলমের শরীরের ৩৫ শতাংশ পুড়েছিল।