রাসায়নিক পদার্থের গুদামে বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার বংশাল রোডের একটি রাসায়নিক পদার্থের গুদামে গতকাল মঙ্গলবার হঠাত্ বিস্ফোরণ ঘটেছে। এতে গুদামঘরের আশপাশের এলাকা ঝাঁজালো গন্ধ ও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এ সময় পথচারীরা ভীষণ সমস্যায় পড়ে। মাহুতটুলি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সফিকুর রহমান প্রথম আলোকে জানান, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে ১০১/৩ বংশাল মকিমবাজার এলাকার হেলাল উদ্দিনের বাড়ির নিচতলায় অ্যামোনিয়া গ্যাসের গুদামে হঠাত্ বিস্ফোরণের শব্দ হয়। এরপর সেখান থেকে ধোঁয়া বেরুতে থাকে। খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি আরও জানান, ওই গুদামঘরে রক্ষিত অ্যামোনিয়ার দুর্গন্ধে ও ঝাঁজে লোকজনের চোখ জ্বালাপোড়া করছে। দুর্গন্ধ ও ধোঁয়ার কারণে লোকজন আশপাশে অবস্থান করতে পারছে না। দমকল বাহিনীর সদস্যরা অপর একটি গ্যাস ব্যবহার করে ধোঁয়া কমান। বংশাল থানার এসআই গৌতম রায় বলেন, বাড়ির মালিক হেলাল উদ্দিনের কাছ থেকে আবুল কালাম ও রফিকুল ইসলাম নামের দুই ব্যক্তি গুদাম ভাড়া নেন। পরে তাঁরা সেখানে অ্যামোনিয়া গ্যাসসহ বিভিন্ন রাসায়নিক পদার্থ রাখেন।