রাসায়নিকযুক্ত ৩০ মেট্রিক টন আম ধ্বংস
খাঁচা ও বস্তাভর্তি প্রচুর কাঁচা-পাকা আম। কয়েকটি দোকানের সামনে বিক্রি হচ্ছিল সেগুলো। ভ্রাম্যমাণ আদালতের গাড়ি থামতেই কর্মচারীরা ‘দে দৌড়’। কারণটা জানা গেল পরে। পরীক্ষা করে দেখা গেছে, ওই সব আমে ফরমালিন ছিল। ফরমালিনযুক্ত প্রায় ৩০ মেট্রিক টন আম ধ্বংস করা হয়।গতকাল সোমবার বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত মিরপুর শাহ আলী বেড়িবাঁধ প্রকল্প মার্কেটে অভিযান চালান। ১৩টি দোকানে আম ছাড়া অন্য ফলও বিক্রি হচ্ছিল। প্রায় একই সময়ে যাত্রাবাড়ী ও বাদামতলী ফলের আড়তে পৃথক অভিযান চালানো হয়।বেলা একটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাসেলুল কাদেরের নেতৃত্বে ভ্রাম্যামাণ আদালত বেড়িবাঁধ প্রকল্প মার্কেটে অভিযান চালান। তিনি প্রথম আলোকে বলেন, আমগুলো ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো। আর সেগুলো যাতে না পচে, সে জন্য ছিটানো হয়েছে ফরমালিন। এ কারণে মার্কেটের ১৩টি প্রতিষ্ঠানের প্রায় ৩০ মেট্রিক টন আম আটটি ট্রাকে করে আমিনবাজারের ‘ডাম্পিং জোনে’ নিয়ে ধ্বংস করা হয়।রাসেলুল কাদের বলেন, মালিকদের পাওয়া না যাওয়ায় কোনো জরিমানা কিংবা সাজা দেওয়া যায়নি। প্রায় একই সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিনের নেতৃত্বে বাদামতলীর ফলের আড়তে অভিযান চালান অন্য একটি ভ্রাম্যমাণ আদালত। সেখানে মেসার্স দেওয়ান ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান ও ফুটপাতের একটি দোকানের আমে কার্বাইডের উপস্থিতি পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত এই প্রতিষ্ঠান ও দোকানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা এবং ১৩০ কেজি আম ধ্বংস করেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদের নেতৃত্বে যাত্রাবাড়ীর কলাপট্টিতে অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানের কলায় কার্বাইড পাওয়া যায়। এ জন্য প্রতিষ্ঠানের মালিককে আট হাজার টাকা জরিমানা করা হয়।