রাসায়নিকের গুদামগুলো না সরালে নিমতলীর পুনরাবৃত্তি হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসিক এলাকা থেকে রাসায়নিক পদার্থের গুদাম সরিয়ে নেওয়ার সর্বশেষ সময়সীমা ছিল গত বছরের ৩০ সেপ্টেম্বর। কিন্তু গুদাম বা প্রতিষ্ঠান সরিয়ে নেওয়া হয়নি। মানুষের জীবনে ঝুঁকি রয়েই গেছে। কঠোর ব্যবস্থা না নিলে নিমতলীর মতো ভয়াবহ অগ্নিকাণ্ড আবার ঘটতে পরে। গতকাল শনিবার পুরান ঢাকার শহীদুল্লাহ কলেজে আবাসিক এলাকায় রাসানিক পদার্থের ঝুঁকিবিষয়ক এক সভায় আলোচকেরা এসব কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও পুরাতন ঢাকা পরিবেশ উন্নয়ন ফোরাম যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, আবাসিক বাড়ি রাসায়নিক গুদাম হিসেবে ব্যবহার বা ব্যবসা পরিচালনার জন্য ভাড়া দেওয়া যাবে না। আর কেউ ভাড়া দিয়ে থাকলে তাদের নোটিশ দিতে হবে। তিনি বলেন, নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানির পর সরকার ও জাতির টনক নড়েছে। বিশেষ করে পুরান ঢাকার বাসিন্দাদের মধ্যে চেতনা জেগেছে। আবাসিক এলাকা থেকে রাসায়নিক পদার্থ সরিয়ে ফেলার জন্য ব্যবসায়ীদের সঙ্গে সরকারের তিন দফা বৈঠক হয়েছে। ওই বৈঠকে আটটি বিপজ্জনক দাহ্য পদার্থ সরিয়ে ফেলার সিদ্ধান্ত ও ব্যবসায়ীদের সময়সীমা বেঁধে দেওয়া হয়। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন মো. মাহবুবুর রহমান। মাহবুবুর রহমান বলেন, ঝুঁকিপূর্ণ সব পদার্থের উৎপাদন, সংরক্ষণ, পরিবহন, ব্যবহার ও বর্জ্য-ব্যবস্থাপনা অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে হওয়া উচিত। তা না হলে নিমতলীর মতো ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আবারও ঘটতে পারে। উল্লেখ্য, ২০১০ সালের ৩ জুন রাতে পুরান ঢাকার নিমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২১ জন নিহত ও আরও অনেকে আহত হয়। রাসায়নিক পদার্থের গুদামের কারণে আগুন দ্রুত ভয়াবহ হয়ে উঠেছিল। মাহবুবুর রহমান আরও বলেন, রাসায়নিক পদার্থের গুদাম শুধু রাজধানীতেই নয়, দেশের অন্যান্য শহরেও ছড়িয়ে ছিটিয়ে আছে। আন্তর্জাতিক রীতিনীতি ও দেশীয় শর্ত মেনে এসব পদার্থ গুদামজাত করতে হবে। তিনি বলেন, রাসায়নিক পদার্থ সম্পর্কে সঠিক তথ্য জেনে তা গুদামজাত করার ব্যবস্থা নিতে হবে। কোনো কোনো পদার্থ সময়ের ব্যবধানে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যেমন ক্লোরোফর্ম সময়ের ব্যবধানে অধিকতর ক্ষতিকর ফসজিন গ্যাসে পরিণত হয়। গুদামের অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করার ওপরও তিনি জোর দেন। আলোচনা সভায় বলা হয়, রাজধানীতে রাসায়নিক গুদাম আছে আড়াই হাজার। কিন্তু ফায়ার সার্ভিসের লাইসেন্স নিয়েছে মাত্র ১১৬টি প্রতিষ্ঠান। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক আবদুল মতিন, বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্কের আহ্বায়ক কামরুল আহসান খান, পুরান ঢাকা পরিবেশ উন্নয়ন ফোরামের আহ্বায়ক আশরাফ আমিরুল্লাহ, সদস্যসচিব জাভেদ জাহান প্রমুখ।অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে সব আবাসিক এলাকা থেকে রাসায়নিক পদার্থের গুদাম, কারখানা ও দোকান অপসারণ, নিবন্ধনহীন প্রতিষ্ঠান অবিলম্বে বন্ধ, নিবন্ধন পাওয়া প্রতিষ্ঠানে নিয়মিত নজরদারি করাসহ কিছু দাবি উত্থাপন করা হয়।