
রাজধানীর আগারগাঁও এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে নির্মাণ করা হয়েছে আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের দলীয় কার্যালয়। অধিকাংশ কার্যালয় দিনের বেলা থাকে তালাবদ্ধ।
সরেজমিনে গত বৃহস্পতিবার পশ্চিম আগারগাঁও ঘুরে দেখা যায়, সার্ক আবহাওয়া গবেষণা কাউন্সিলের বিপরীতে সড়কের ওপর নির্মাণ করা হয়েছে আওয়ামী মহিলা লীগের ২৮ নম্বর ওয়ার্ড ও আওয়ামী লীগের ২৮ নম্বর ওয়ার্ড কার্যালয়ের ৮ নম্বর শাখা। ইসলামিক ফাউন্ডেশনের বিপরীতে ফুটপাত ও রাস্তা দখল করে নির্মাণ করা হয়েছে আওয়ামী লীগের আরও একটি শাখা কার্যালয়। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সামনে শহীদ সাহাবুদ্দীন সড়কের ওপর করা হয়েছে যুবলীগের ২৮ নম্বর ওয়ার্ডের ২ নম্বর শাখা কার্যালয়। বিজ্ঞান জাদুঘরের বিপরীতে সাহাবুদ্দীন সড়কের ওপর করা হয়েছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুটি কার্যালয়। আগারগাঁও নতুন ডি টাইপ কোয়ার্টার রোডের ফুটপাতের ওপর করা হয়েছে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও বঙ্গবন্ধু প্রজন্ম লীগ এই তিনটি সংগঠনের দুটি শাখা কার্যালয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের ভবনের জন্য বরাদ্দকৃত জায়গার এক পাশে মাটি ফেলে নির্মাণ করা হয়েছে মহানগর যুবলীগের পানির ট্যাংক শাখা কার্যালয়।
গতকাল সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এলাকায় ঘুরে দু-একটি ছাড়া সব কার্যালয় তালাবদ্ধ অবস্থায় দেখা যায়। মহিলা কার্যালয়টি পুরোটাই টিনশেডের এবং আওয়ামী লীগের কার্যালয়টি পাকা মেঝে ও টিনশেডের তৈরি। আওয়ামী লীগের কার্যালয়ের সামনের অংশে তৈরি করা হয়েছে ফুলের বাগান। আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, কার্যালয় দুটি দিনের বেলায় বেশির ভাগ সময়ই বন্ধ থাকে। সন্ধ্যার পর এখানে লোকজন আসতে শুরু করে। আওয়ামী লীগের ২৮ নম্বর ওয়ার্ড কার্যালয়ের ৮ নম্বর শাখার সভাপতি আলী মিয়া। তিনি মাঝেমধ্যে সন্ধ্যার পর এই কার্যালয়ে আসেন। শাখা কার্যালয়গুলো স্থানীয়ভাবে ‘ক্লাবঘর’ নামে পরিচিত। বিভিন্ন সংগঠনের প্রতিটি শাখার আলাদা কমিটি রয়েছে। স্থানীয় লোকজন ও শাখাপ্রধানদের সঙ্গে কথা বলে জানা যায়, অধিকাংশ কার্যালয় প্রায় সময় দিনের বেলা তালাবদ্ধ থাকে। সন্ধ্যার পর স্থানীয় লোকজন এখানে এসে আড্ডা জমান।
যুবলীগের ওয়ার্ড কার্যালয়ের ২ নম্বর ইউনিটের সভাপতি সোহরাব হোসেন। তাঁর কার্যালয়ে গিয়ে যোগাযোগ করলে তিনি বলেন, শাখা কমিটিগুলো আলাদা করে খুব কম রাজনৈতিক কর্মসূচি পালন করা হয়। মূলত বড় কোনো রাজনৈতিক কর্মসূচি থাকলে তখন শাখা কমিটিগুলো অংশ নেয়। তিনি বলেন, গণপূর্ত কর্তৃপক্ষ থেকে নোটিশ দিয়ে দিয়েছে, এক সপ্তাহের মধ্যে অবৈধ স্থাপনা ছেড়ে চলে যেতে। এক সপ্তাহ পর উচ্ছেদ অভিযান চালাবে কর্তৃপক্ষ।
শাখা কার্যালয়গুলো সম্পর্কে জানতে চাইলে ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফোরকান হোসেন বলেন, ‘আমার ওয়ার্ডে আওয়ামী লীগের ১০টি শাখা কমিটি রয়েছে। শিগগিরই এলাকায় অবৈধ দখল উচ্ছেদ অভিযান চালানো হবে। সরকারি জায়গায় যদি কোনো রাজনৈতিক দলের শাখা কমিটির কার্যালয় থাকে, সেটিও উচ্ছেদ করা হবে।’